বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের শারীরিক অবস্থা ঘিরে ফের জোরালো হয়েছে জল্পনা। সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) একটি ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। অনেকেই লক্ষ্য করেছেন যে অভিনেতার ওজন অস্বাভাবিক হারে কমেছে এবং তাঁকে আগের চেয়ে অনেক বেশি রোগা দেখাচ্ছে। পেশিবহুল শরীর ও সিক্স প্যাক অ্যাবস—যা সালমানের পরিচিত অংশ—সেই চেহারা এখন আর নেই বলে মন্তব্য করেছেন অনুরাগীরা।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ লেখেন, সালমানকে আগের মতো প্রাণবন্ত মনে হচ্ছে না, আবার কেউ কেউ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দেন। তবে একদল ভক্ত সবাইকে সতর্ক করে বলেন যে কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এ নিয়ে নানা গুঞ্জন চললেও সালমানের নতুন কোনো শারীরিক সমস্যা সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে আমির খানের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তির অনুষ্ঠানেও সালমানের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। সে সময়েও শোনা গিয়েছিল যে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে রাজি নন এবং পরিবারের কথাও শুনছেন না। তাঁর মনোযোগ কেবল চলমান সিনেমার কাজ সঠিক সময়ে শেষ করার দিকে।

এ অবস্থায় সম্প্রতি সালমান খান তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ অর্থাৎ আপনাদের শরীর কেমন আছে? এই পোস্টের সময়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক তখনই সামাজিক মাধ্যমে তাঁর স্বাস্থ্য নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ফলে অনেক ভক্ত মনে করছেন যে গুঞ্জনের জবাবই তিনি ইঙ্গিতপূর্ণভাবে দিয়েছেন। আবার অনেকে বলছেন এটি ভক্তদের সাথে স্বাভাবিক যোগাযোগের একটি প্রচেষ্টা মাত্র।

পোস্টটি প্রকাশের পর ভক্তরা আবারও সালমানের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দিতে শুরু করেছেন। অনেকে তাঁর সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করছেন এবং ভিত্তিহীন গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অতীতেও সালমান খান বিভিন্ন সময়ে শারীরিক সমস্যার কথা জানিয়েছেন, তবে সাম্প্রতিক ভিডিওকে কেন্দ্র করে যে নতুন গুঞ্জন তৈরি হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।