বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রমুখী এলাকায় অবস্থিত বিখ্যাত বাসভবন ‘মান্নাত’-এ হঠাৎ সাপের উপস্থিতি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার, নাগপঞ্চমীর পুণ্য তিথিতে বাসভবনের লনে একসঙ্গে দুটি সাপ দেখতে পান কর্মীরা। ঘটনাটি জানাজানি হলে দ্রুত সাপ উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাত আটটার দিকে একজন সাপ উদ্ধারকারীকে ফোন করে জানানো হয় শাহরুখের বাড়ির চত্বরে সাপ দেখা গেছে। এরপর উদ্ধারকারী দল মান্নাতে পৌঁছে লন এবং আশপাশের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে বাসভবনের একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপটির সন্ধান পাওয়া যায়। সতর্কতার সঙ্গে সেটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি প্রায় আট ফুট লম্বা এবং এটি ‘ইন্ডিয়ান র্যাট স্নেক’ প্রজাতির বলে জানা গেছে, যা বিষধর নয়।

তবে প্রশ্ন থেকে যায় দ্বিতীয় সাপটি কোথায়? কর্মীরা শুরুতেই দুটি সাপ দেখেছিলেন। একটি উদ্ধার হলেও অন্যটির কোনো হদিস মেলেনি। উদ্ধারকারীদের ধারণা, লোকজনের চলাচল এবং তল্লাশির কারণে দ্বিতীয় সাপটি দ্রুত সরে গেছে। এটি এখনও মান্নাতের চত্বরেই কোথাও লুকিয়ে আছে নাকি বাইরে চলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অনেক রাত পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজা হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় সাপটির কোনো চিহ্ন পাওয়া যায়নি।

উদ্ধার করা সাপটি বিষধর নয় জেনে কর্মী ও নিরাপত্তারক্ষীরা স্বস্তি প্রকাশ করলেও দ্বিতীয় সাপটি নিয়ে উদ্বেগ কাটছে না। উল্লেখ্য, মান্নাত শাহরুখ খানের ভক্তদের কাছে একটি বিশেষ আকর্ষণের জায়গা। প্রতিদিনই বাসভবনের বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে জন্মদিন বা ঈদের মতো উপলক্ষে বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন শাহরুখ। সেই পরিচিত বাড়িতে এবার সাপের উপস্থিতির খবর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, শাহরুখ খানকে পরবর্তীকালে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন কন্যা সুহানা খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জির মতো তারকাদের।