দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় শিল্পী আইইউ আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেছেন তিনি, যেখানে ছিল মেকআপহীন সেলফি, ফ্যাশন শুটের পেছনের মুহূর্ত এবং ব্যক্তিগত জীবনের কিছু স্ন্যাপশট। একটি ছবিতে জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহী শৈবাল স্যুপ খেতে দেখা যায় তাঁকে। তবে ছবিগুলোর চেয়ে বেশি নজর কেড়েছে পোস্টে ব্যবহৃত অডিওটি।

আইইউ তাঁর পোস্টে কিহা অ্যান্ড দ্য ফেসেস ব্যান্ডের 'লিভিং দ্য কেয়ারফ্রি লাইফ' শিরোনামের গানটি ব্যবহার করেছেন। ২০০৯ সালে প্রকাশিত ব্যান্ডটির প্রথম অ্যালবামের শেষ ট্র্যাক এটি। গানটি শোনার পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা। কারণ, এই ব্যান্ডের কণ্ঠশিল্পী জাং কি-হার সঙ্গে আইইউর অতীতে প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালে তাঁদের সম্পর্ক শুরু হয় বলে জানা যায়, ২০১৫ সালে প্রকাশ্যে আনেন তাঁরা। তবে ২০১৭ সালে সেই সম্পর্কে ইতি ঘটে।

সাবেক প্রেমিকের গান পোস্ট করায় কেউ কেউ সমালোচনা করেছেন, অনেকে আবার এটিকে অতিরিক্ত বিশ্লেষণ বলেও মন্তব্য করছেন। সম্প্রতি অভিনেতা লি জং-সকের সঙ্গে আইইউর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। তার পরপরই সাবেক আরেক প্রেমিকের গান ব্যবহারকে কেউ কেউ ইঙ্গিতপূর্ণ বলেও মনে করছেন। তবে অনেকের মতে, একটি গান পছন্দ করলেই তার পেছনে বিশেষ কোনো অর্থ খোঁজার প্রয়োজন নেই।

চলতি বছর একাধিক কারণে আইইউ সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন। 'পারফেক্ট ক্রাউন' নাটককে ঘিরে ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে কানে সংক্রমণের কারণে গোয়াংয়ে নির্ধারিত কয়েকটি কনসার্ট স্থগিত করতে হয়। এসবের মধ্যেই এই নতুন গুঞ্জন আরও আলোচনা বাড়িয়েছে।