বাংলাদেশের আবহাওয়া ও বিদ্যুৎ পরিস্থিতির কথা মাথায় রেখে দেশীয় বাজারে নতুন এক এয়ার কন্ডিশনার (এসি) আনার পরিকল্পনা ঘোষণা করেছে আইটেল। কোম্পানিটি জানিয়েছে, তাদের তৈরি ডিসি ইনভার্টার এয়ার কন্ডিশনারটি বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে সক্ষম, যা দৈনন্দিন ব্যবহারে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস তৈরির পরিধি ছাড়িয়ে এবার কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে প্রবেশ করল আইটেল। নতুন এই এসিতে ব্যবহৃত হয়েছে ডিসি ইনভার্টার প্রযুক্তি, যা প্রয়োজনের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে কম্প্রেসরকে বারবার চালু-বন্ধ করতে হয় না, যার কারণে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায়।
এয়ার কন্ডিশনারটিতে ট্রিপল ভোল্টেজ কেয়ার প্রযুক্তিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির কারণে বিদ্যুতের ভোল্টেজ হঠাৎ করে ওঠানামা করলেও এসিটি চালু থাকবে এবং ভেতরের বৈদ্যুতিক যন্ত্রাংশগুলোও সুরক্ষিত থাকবে। ফলে অস্থির বিদ্যুৎ সরবরাহের পরিবেশেও ডিভাইসটি নির্বিঘ্নে কাজ করবে বলে দাবি কোম্পানিটির।
আইটেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন এসি কেনার ক্ষেত্রে গ্রাহকরা ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, পাঁচ বছরের যন্ত্রাংশ ওয়ারেন্টি এবং পাঁচ বছর বিনামূল্যে মেরামতের সুবিধা পাবেন। এই দীর্ঘমেয়াদি বিক্রয়োত্তর সেবার আওতায় থাকবে পুরো ইউনিট।
আগস্ট মাসের শেষ দিকে বাজারে আসতে যাওয়া এই এয়ার কন্ডিশনারের জন্য এখন থেকেই আইটেলের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে আগাম ফরমাশ বা বুকিং দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার ডনসিয়ন বলেন, বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি এবং গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখেই এই এয়ার কন্ডিশনার তৈরি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে আরও বেশি পরিবার কম খরচে নির্ভরযোগ্য ও বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনার ব্যবহারের সুযোগ পাবে।
নতুন এসিটির দাম এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। তবে কোম্পানির দাবি, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দামের দিক থেকেও এটি সাধারণ গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে।




