একসময় ধারণা করা হতো, ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলে জাবি আলোনসো হয়তো লিভারপুলের দায়িত্ব নেবেন। তবে বাস্তবে তিনি চেলসির কোচ হয়ে ফিরেছেন। লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার বর্তমানে স্টামফোর্ড ব্রিজের প্রধান কোচ। এর আগে আরেক প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদে কিছুটা সময় কাটিয়েছেন তিনি। সেখানে তাঁর অধ্যায় প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। সাত মাসের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর তাঁকে বিদায় নিতে হয়। তবে সেই ব্যর্থতা এখন আর বোঝা নয় আলোনসোর কাছে। তিনি সেটিকে ক্যারিয়ারের একটি ‘ক্ষত’ বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, সেই ক্ষত এখন সম্পূর্ণ সেরে গেছে।
অস্ট্রেলিয়ায় চেলসির প্রাক্–মৌসুম সফরের শুরুতে সাংবাদিকদের আলোনসো বলেন, ‘সৌভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, কিন্তু তা এখন সেরে গেছে। আমি গভীরভাবে অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছি, তেমনই এই নতুন অধ্যায়টিও উপভোগ করতে চাই।’ খেলোয়াড়ি জীবনে লিভারপুলে পাঁচ বছর কাটিয়ে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে খেলেছেন তিনি ২০১৭ সাল পর্যন্ত। এরপর শীর্ষ পর্যায়ে কোচিং শুরু করেন জার্মানির বায়ার লেভারকুসেনে। বুন্দেসলিগার সেই ক্লাবটিকে ইতিহাসের প্রথম লিগ শিরোপা জিতিয়ে বিপুল প্রত্যাশা নিয়ে গত মৌসুমে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর জানুয়ারিতেই বার্নাব্যু ছাড়তে হয় তাঁকে। দায়িত্বকালে ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছিল বলে গুঞ্জন ছিল।
তবে সেই অস্বস্তির সময়টাকে এখন শেখার অভিজ্ঞতা হিসেবেই দেখছেন ৪৪ বছর বয়সী আলোনসো। তিনি বলেন, ‘পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলোই দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও খেয়াল করি। আমি নিজেকে সমালোচনার চোখে বিশ্লেষণ করেছি। ভেবেছি, কী করলে আরও ভালো করতে পারতাম, কারণ সবকিছু প্রত্যাশামতো হয়নি।’ তাঁর মতে, রিয়ালের সময়টা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, খেলার ধরন, খেলোয়াড়দের পরিচালনা—কিছু কাজ করেছে, কিছু করেনি। সব মিলিয়ে এটি নানা অভিজ্ঞতার মিশ্রণ বলে মন্তব্য করেন তিনি।
এবার আলোনসোর সামনে চেলসিকে পুনরুজ্জীবিত করার চ্যালেঞ্জ। গত মৌসুমে তিন কোচ বদল করেও প্রিমিয়ার লিগে দশম স্থানে শেষ করে লন্ডনের ক্লাবটি। ফলে চলতি মৌসুমে ইউরোপের কোনো প্রতিযোগিতায় নেই চেলসি। তবু দলটির সম্ভাবনা নিয়ে আশাবাদী আলোনসো। চেলসির দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা মাথা এবং মন—দুই জায়গা থেকেই এসেছে। আমি মনে করেছি, ক্লাবের জন্যও সময়টা ঠিক ছিল, আমার জন্যও। এটি একটি ভালো সুযোগ।’ ২৪ আগস্ট ফুলহামের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে চেলসি। তার আগে প্রাক্-মৌসুমের অংশ হিসেবে আরও চারটি ম্যাচ খেলবে আলোনসোর দল। ৫ আগস্ট হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে, ৮ আগস্ট ইন্দোনেশিয়ায় এসি মিলানের বিপক্ষে, ৯ আগস্ট মালয়েশিয়ায় জোহর দারুল তাজিমের বিপক্ষে এবং ১৫ আগস্ট ফুলহামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে তারা।



