জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের জন্য দৌড়ে থাকা সাতজন প্রার্থীর ভাগ্য নির্ধারণে প্রথম ধাপ হিসেবে আজ অনানুষ্ঠানিক গোপন ভোটগ্রহণ শুরু হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ভোট অনুষ্ঠিত হবে।
এই গোপন ভোট প্রক্রিয়াটি 'স্ট্র পোল' নামে পরিচিত, যার মাধ্যমে প্রার্থীদের প্রতি সদস্যদেশগুলোর প্রাথমিক মনোভাব বোঝার চেষ্টা করা হয়। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থীকে 'সমর্থন করি', 'সমর্থন করি না' অথবা 'কোনো মতামত নেই' — এই তিন ধরনের রায়ের যেকোনো একটি দেবেন।
দীর্ঘ দুই মেয়াদে জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার পর চলতি বছরের ৩১ ডিসেম্বর বিদায় নিচ্ছেন বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পর্তুগালের এই কূটনীতিকের বিদায়ের পর শীর্ষ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার প্রতিনিধিরা।
সাধারণত এ ধরনের স্ট্র পোল একাধিক ধাপে সম্পন্ন হয়। প্রত্যাশা করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ ভাগ অথবা অক্টোবরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে এবং চূড়ান্ত প্রার্থীর নাম চূড়ান্ত করা সম্ভব হবে। তবে কোনো একজন প্রার্থীর পক্ষে ব্যাপক ঐকমত্য গড়ে ওঠা যদি সম্ভব না হয়, তাহলে এই সময়সীমা আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপন থাকায় কোন দেশ কোন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছে, তা বাইরে থেকে স্পষ্ট হবে না। এই ভোটের মাধ্যমেই ধীরে ধীরে স্পষ্ট হবে কার পক্ষে সমর্থনের জোয়ার সবচেয়ে বেশি।




