ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে জায়গা করে নেওয়া বাংলাদেশি পরিচালক রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ অভিনয়ের পর আরেকটি নতুন প্রকল্পে কাজ করতে যাচ্ছেন আজমেরী হক বাঁধন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্রটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে। এবার তিনি অংশ নেবেন মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ নামের একটি সিনেমায়। এতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে বাঁধনকে।

পরিচালক ইকবাল এর আগে ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। নতুন এই ছবির গল্প শুনেই কাজটিতে আগ্রহী হন বাঁধন। বুধবার দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং গল্পটি তার খুব পছন্দ হয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি। আগস্টের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

বাঁধন বলেন, ‘ছবিটিতে অভিনয়ের জন্য যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। পরিচালক ইকবাল ভাই বলেছেন, ‘ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো।’ শিল্পীকে সম্মান ও সম্মানীর যে বিষয়টি, সেটিই আমাকে কাজটি করতে আগ্রহী করেছে।’

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার যাত্রা শুরু। দেড় দশকের বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। ২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি পরিচিতি পান আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে, যা তাকে কান চলচ্চিত্র উৎসবে নিয়ে যায়। এরপর বলিউডের ‘খুফিয়া’য় অভিনয় করেন এবং সর্বশেষ ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে।

নতুন সিনেমা প্রসঙ্গে বাঁধন আরও বলেন, ‘আমি ছাড়াও ছবির অন্য অভিনয়শিল্পীরা আমার পছন্দের। তাঁদের কথা শুনে আস্থা তৈরি হয়েছে। আর আমি তো সব সময় ‘রেহানা মরিয়ম নূর’ বা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাব না। অভিনয় আমার পেশা, তাই সব ধরনের অভিজ্ঞতা নিতে চাই। এর আগে সানি সানোয়ার ভাইয়ের ‘এশা মার্ডার’-এও তেমন অভিজ্ঞতা নিয়েছি। সব ধরনের গল্পে কাজ করার সক্ষমতা আমার আছে, সেটাও দেখানো উচিত। সে কারণেই ‘গুলশানের চামেলি’ করতে চাই।’

জানা গেছে, ‘গুলশানের চামেলি’র গল্প রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতা ও সমাজব্যবস্থার নির্মমতার শিকার হন। তার জীবনসংগ্রামই সিনেমার মূল উপজীব্য। ছবিটির আরেকটি বিশেষ দিক হলো এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন একজন নারী। একই চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই গল্পের বিভিন্ন বাঁকে উঠে আসবে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, এটি একটি পূর্ণাঙ্গ নারীকেন্দ্রিক সিনেমা হবে।

‘গুলশানের চামেলি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার মধুমিতা সরকার। বাঁধন ও মধুমিতা ছাড়াও অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আমিন খান, আশীষ খন্দকার প্রমুখের। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।