দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের ‘আরিরাং’ বিশ্বসফরের অংশ হিসেবে ইংল্যান্ডের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে টানা দুই দিন কনসার্ট করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিগ হিট মিউজিকের বৃহস্পতিবারের এক বিবৃতি অনুযায়ী, গত সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত এই দুই কনসার্ট ছিল সম্পূর্ণ হাউসফুল এবং প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক এতে সমবেত হয়েছিলেন।

কনসার্ট আয়োজক লাইভ নেশন জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিল মাসে স্টেডিয়ামটির উদ্বোধনের পর থেকে সেখানে আয়োজিত কোনো কনসার্টে একক শোতে এত বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি আগে দেখা যায়নি। ফলে, প্রতি প্রদর্শনীতে সর্বোচ্চ দর্শক সমাগমের ক্ষেত্রেও নতুন মাইলফলক স্থাপন করেছে দলটি।

লন্ডনের মাটিতে বিটিএসের জন্য এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। ২০১৯ সালে ‘লাভ ইয়োরসেলফ’ বিশ্বসফরের সময় ওয়েম্বলি স্টেডিয়ামে একক কনসার্ট করা প্রথম কোরিয়ান শিল্পী হিসেবে ইতিহাস গড়েছিল তারা। সাত বছর পর আবারও ব্রিটিশ রাজধানীতে ফিরে সেই অর্জনের তালিকায় আরেকটি রেকর্ড যুক্ত করল এই ব্যান্ড।

দুই দিনের কনসার্টে দর্শকদের জন্য পরিবেশিত হয় বিটিএসের নতুন অ্যালবামের একাধিক গান। এর মধ্যে ছিল ‘হুলিগান’, ‘নরমাল’ ও ‘বডি টু বডি’। একইসঙ্গে, বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘আইডল’ ও ‘ফায়ার’-এর মতো পুরোনো গানও উপস্থাপন করে দলটি।

লন্ডনের এই সফল আয়োজন শেষে বিটিএস এখন জার্মানির মিউনিখের উদ্দেশে রওনা হবে। আগামী শনি ও রোববার আলিয়াঞ্জ অ্যারেনায় তাদের দুটি কনসার্ট করার কথা রয়েছে। এর পরবর্তী গন্তব্য ফ্রান্সের প্যারিস। সেখানে ১৭ ও ১৮ জুলাই দুটি কনসার্ট সম্পন্ন করার পরদিন, ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফ টাইম শোতে পারফর্ম করবে বিটিএস।