ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী, মডেল জর্জিনা রদ্রিগেজ, আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জে আগামী শনিবার এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হবে।
জানা গেছে, রোনালদোর জন্ম ও শৈশবের স্মৃতিবিজড়িত শহর ফাংশালের ঐতিহাসিক ক্যাথেড্রালটিতে এই বিয়ের ধর্মীয় রীতি পালিত হবে। স্থানীয় প্রথা অনুযায়ী, অনুষ্ঠানটি বেলা তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি জমকালো সংবর্ধনার আয়োজন রাখা হয়েছে শহরের বিলাসবহুল পাঁচ-তারকা হোটেল স্যাভয় প্যালেসে।
এর কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল যে, পর্তুগালের সিন্ত্রা শহরের কুইন্তা দা রেগালেইরা এস্টেটে এ সপ্তাহান্তেই তাদের বিয়ের আয়োজন হতে চলেছে। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হয় যে, ওই স্থানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকায় সেই পরিকল্পনা বাতিল হয়েছে। এখন মাদেইরার বিয়ের তথ্যই চূড়ান্ত বলে মনে করা হচ্ছে। স্থানীয় কিছু সূত্রের বরাত দিয়ে আরো জানা যায়, স্যাভয় প্যালেস হোটেল কর্তৃপক্ষ আগেভাগেই অতিথিদের অবহিত করেছে যে শুক্রবার ও শনিবার তাদের কিছু তলা ও বার সাময়িকভাবে বন্ধ থাকবে। নিরাপত্তার কারণে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একসময় অর্থনৈতিক কষ্টের মধ্যে বেড়ে ওঠা রোনালদোর জন্য ফাংশাল নগরীটি এক বিশেষ আবেগের জায়গা। এখানেই তার শৈশব কেটেছে, এবং বর্তমানে শহরে তার একটি ব্রোঞ্জ মূর্তি এবং নামাঙ্কিত হোটেলও আছে। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতানো এই ৪১ বছর বয়সী ফুটবলার ৩২ বছর বয়সী স্পেনীয়-আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে ২০১৬ সালে একটি ফ্যাশন স্টোরে পরিচয় হন। সেই পরিচয় ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নেয়। গত বছরের আগস্ট মাসে রোনালদো জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। সম্প্রতি স্পেনের মায়োর্কায় এক ইয়টে ওঠার সময় দুজনকেই হিরার আংটি পরিহিত দেখতে পাওয়া গিয়েছিল, যা বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
রোনালদো ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে, বিশ্বকাপ শেষ হলেই তিনি বিয়ে করবেন। গত মাসে পর্তুগাল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পর এবং স্পেনের শিরোপা জয়ের ফলে সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে সংসার জীবনে পা রাখতে চলেছেন এই দীর্ঘদীনের যুগল।



