যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবরো কাউন্টির স্কুল বোর্ড সম্প্রতি এক ঐতিহাসিক সিদ্ধান্তে জিপিএ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) গণনার পদ্ধতি বদলে দিয়েছে। তাদের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে লুটজের স্টেইনব্রেনার হাইস্কুলের এক শিক্ষার্থীর অসাধারণ অর্জন। ওই শিক্ষার্থী, বৈভব ভাস্কর, এ বছর ১১ দশমিক ৯৯ জিপিএ নিয়ে স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন, যা ফ্লোরিডার সরকারি স্কুলগুলোর ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে গেইদার হাইস্কুলের ডিলান মাজর্ড ১১ দশমিক ৮৪ জিপিএ পেয়ে রেকর্ড গড়েছিলেন।
ভাস্করের এই অসামান্য ফলাফলের পেছনে কাজ করেছে হিলসবরো কাউন্টির জিপিএ নীতি। এই নীতি অনুযায়ী, অ্যাডভান্সড প্লেসমেন্ট (এপি) এবং ডুয়াল এনরোলমেন্ট কোর্সে 'এ' গ্রেড পাওয়া শিক্ষার্থীদের প্রচলিত ৪ দশমিক ০ জিপিএর অতিরিক্ত বোনাস পয়েন্ট দেওয়া হয়। ডুয়াল এনরোলমেন্ট এমন একটি ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা একই সময়ে স্কুল ও কলেজের কোর্স সম্পন্ন করতে পারেন। ভাস্কর এই সুযোগ পুরোপুরি কাজে লাগান। উচ্চমাধ্যমিকে থাকাকালে তিনি ২০টি এপি কোর্স এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রোগ্রামের মাধ্যমে ২৪টি ডুয়াল এনরোলমেন্ট কলেজ কোর্স শেষ করেন। এর ফলে তিনি একটি অ্যাসোসিয়েট ডিগ্রিও অর্জন করেন।
টাম্পা বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাস্কর জানান, তিনি প্রথমেই ঠিক করেছিলেন তাকে সবার শীর্ষে থাকতে হবে। তিনি সামনে থাকা প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছেন এবং সবচেয়ে কঠিন কোর্সগুলো বেছে নিয়েছেন। একপর্যায়ে স্কুলের পুরো পাঠ্যক্রম শেষ করে তিনি ভেবেছিলেন, এর বাইরে আর কী করা যায়। ভাস্কর অক্টোবরে অভিজাত ডিউক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন।
ভাস্করের এই রেকর্ডের পর হিলসবরো কাউন্টির স্কুল বোর্ড জিপিএ নীতিমালা পরিবর্তনের পক্ষে ভোট দেয়। বোর্ডের মতে, জিপিএ বাড়ানোর এই ইঁদুরদৌড় শিক্ষার্থীদের অতিরিক্ত অনলাইন কোর্স নিতে বাধ্য করছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই আগামী বছরের স্নাতক ব্যাচ থেকে জিপিএর ওপর একটি সর্বোচ্চ সীমা বা ক্যাপ নির্ধারণ করা হয়েছে। ফলে ভাস্করের এই অনন্য রেকর্ড আর কখনোই কেউ ভাঙতে পারবে না। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


