রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত মেডিসিন স্টোর থেকে চুরির সময় প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ওষুধসহ একজনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম নাছিম (২১)।

আজ শুক্রবার সংস্থাটির সদর দপ্তরের গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার গভীর রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের অঙ্গীভূত সদস্য মো. আবদুল হাদি কর্তব্যরত অবস্থায় স্টোরের সামনে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন।

তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ক্যাম্প প্লাটুন কমান্ডার মো. খাইরুল ইসলামকে অবহিত করেন। খবর পেয়ে কমান্ডার খাইরুল টহলরত আরেক সদস্য হামিদুর রহমানকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা একটি লাগেজ ও তিনটি ব্যাগসহ সন্দেহভাজন নাছিমকে আটক করেন।

পরবর্তীতে ব্যাগ ও লাগেজ তল্লাশি চালিয়ে হাসপাতালের আনুমানিক ৫০০ বাক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানানো হয়েছে। এ ছাড়াও নাছিমের দখল থেকে তিনটি স্মার্টফোন ও তিনটি ভিন্ন পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করে আনসার সদস্যরা।

আটক নাছিমকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।