জেনারেটিভ এআই এবং বড় ভাষার মডেল (LLM) ব্যবহার করে সৃজনশীল ছোট গল্প লেখার সময় একটি আকর্ষণীয় প্যাটার্ন লক্ষ্য করেছেন গবেষকরা। সিল হ্যামিলটন এবং ডেভিড মিমনোর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চারটি ভিন্ন এআই মডেল—গুগলের জেমিনাই, ওপেনএআই-এর চ্যাটজিপিটি, অ্যানথ্রপিকের ক্লড এবং মেটার লামা—স্বাধীনভাবে গল্প লিখতে গিয়ে প্রায় একই ১১টি বিশেষ্য শব্দ বারবার ব্যবহার করছে। শব্দগুলোর তালিকা হলো: লাইটহাউস (lighthouse), এলিয়াস (Elias), লাইব্রেরিয়ান (librarian), টাওয়ার (tower), ভিলেজ (village), ফরেস্ট (forest), রিভার (river), ক্যাসল (castle), মিরর (mirror), কিং (king) এবং কুইন (queen)।
গবেষণায় পাঁচটি সরল প্রম্পট ব্যবহার করে প্রতিটি এআই মডেলের জন্য এক হাজার বার করে মোট ২০ হাজার গল্প তৈরি করা হয়েছে। গল্পগুলোতে গড়ে ৬৪০টি শব্দ ছিল। মজার বিষয় হলো, প্রম্পটগুলোতে কোনো নির্দিষ্ট শব্দ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়নি; বরং শুধু একটি ছোট গল্প লিখতে বলা হয়েছিল। তবুও প্রায় ৯০ শতাংশ গল্পেই এই ১১টি শব্দ উল্লেখযোগ্যভাবে ব্যবহৃত হয়েছে। গবেষকরা এটিকে 'এমার্জেন্ট লিটারারি প্রায়র' বা উদীয়মান সাহিত্যিক পূর্বপ্রবণতা হিসেবে অভিহিত করেছেন।
গবেষণার একটি নমুনা গল্পে দেখা যায়, 'এলিয়াস নামের এক বৃদ্ধ লাইব্রেরিয়ান প্রতিদিন সন্ধ্যায় গ্রামের প্রান্তে লাইটহাউসে যেতেন।' এ ধরনের বাক্যগঠন ইঙ্গিত দেয় যে শব্দগুলো শুধু উল্লেখই করা হয়নি, বরং গল্পের মূল কাঠামোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গবেষকদের মতে, এলএলএমগুলো প্রশিক্ষণকালে বিপুল পরিমাণ কথাসাহিত্য পড়েছে, যেখানে লাইটহাউস, গ্রাম, নদী, রাজা-রানি ইত্যাদি চিরায়ত উপাদান হিসেবে বারবার এসেছে। ফলে মডেলগুলো 'সেরা' বা 'সবচেয়ে উপযুক্ত' শব্দ হিসেবে এগুলোকে বেছে নিচ্ছে।
একই ঘটনা চারটি ভিন্ন কোম্পানির মডেলে দেখা যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, সব কোম্পানিই মোটামুটি একই ধরনের অ্যালগরিদম, একই ধরনের প্রশিক্ষণ তথ্য এবং একই রকম টিউনিং পদ্ধতি ব্যবহার করছে। ফলে তাদের মডেলগুলো স্বাধীনভাবে কাজ করলেও একই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। এটি এআই শিল্পের একটি সাধারণ সমালোচনার দিকেও ইঙ্গিত দেয়—উদ্ভাবনের নামে সবাই একই পথে হাঁটছে, যা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার (AGI) অগ্রগতির জন্য বাধা হতে পারে।
গবেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে এলএলএমগুলো এলোমেলোভাবে শব্দ বাছাই করছে না, বরং তাদের প্রশিক্ষণ ডেটার গভীরে লুকিয়ে থাকা একটি প্যাটার্ন অনুসরণ করছে। এই 'উদীয়মান সাহিত্যিক পূর্বপ্রবণতা' কেবল এআই-এর সৃজনশীলতার সীমাবদ্ধতাই নয়, বরং এর ভিত্তিগত কাঠামো বোঝার প্রয়োজনীয়তাও তুলে ধরে।

