চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারি বৃষ্টিপাতের প্রভাবে নদী লাগোয়া নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত অথবা এর কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ এবং উজানে ভারতের ত্রিপুরা ও মিয়ানমার লাগোয়া এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভারি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহরী, হালদা, মুহরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
