জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, 'অভূতপূর্ব এ আন্দোলন, উদ্দীপ্ত এ আন্দোলন! আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কী করে গুলি খায়, সেই দৃশ্য আমি দেখেছি।'

মঙ্গলবার (৩০ জুন) রাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, 'জুলাইয়ের শহীদদের স্মৃতি আমাদের প্রজ্বলিত করবে, প্রেরণায় উদ্দীপ্ত করবে অন্যায়ের বিরুদ্ধে, আবার কোনো নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। ছাত্রদল শুধু জুলাই-আগস্টে গণতন্ত্রের সংগ্রাম করেনি, তারা দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছে।'

তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও আহনাফের মায়ের কথা স্মরণ করে বলেন, 'আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু আহনাফের মায়ের চোখের জল দেখে প্রশান্ত মহাসাগরের কথা মনে পড়েছে। তাই আমাদের আলো প্রজ্বলিত করতে হবে। প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে।'

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্ট পরাজিত হয়েছে কিন্তু তার ভগ্নাংশ ও অবশিষ্টাংশ এখনো নানা জায়গায় রয়েছে। তারা পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভারের টাকা চুরি করেছে এবং গ্রামগঞ্জ থেকে প্রতিটি জায়গায় সন্ত্রাস ও রক্তের হোলি খেলা খেলতে পারে। তাই জাগ্রত তরুণ ও ছাত্রসমাজকে আরও লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সঞ্চালনা করেন।