টেনিস কোর্টে অসাধারণ সাফল্যের পরও রাফায়েল নাদালের জীবনে বিশ্রামের কোনো জায়গা নেই। ২২টি গ্র্যান্ড স্ল্যাম, রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা ও ২০৯ সপ্তাহ বিশ্বের এক নম্বর অবস্থানের মালিক এই স্প্যানিশ তারকা ২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিসকে বিদায় জানালেও নতুন করে ব্যস্ত হয়ে পড়েছেন। তার নিট সম্পদ ২২০ মিলিয়ন ডলার হলেও তিনি অবসর গ্রহণের পথে হাঁটেননি। বরং নিজেকে নিয়োজিত করেছেন হোটেল ব্যবসায়। সম্প্রতি সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, 'আমি সে ধরনের মানুষ নই যে সকালে ঘুম থেকে উঠে কী করবে তা বুঝতে পারে না। আমার লক্ষ্য ছিল সামনে এগিয়ে যাওয়া।' পরিবারের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হলেও কাজ করার প্রতি তার আগ্রহের কথাও জানান তিনি। নাদালের ভাষ্যে, 'যেভাবে আমি কোর্টে নিজের উত্তরাধিকার গড়েছি, এখন কোর্টের বাইরে তা গড়ার সময়।' এই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই জেল হোটেলস নামে একটি হোটেল চেইন প্রতিষ্ঠা করেছেন। ক্যানারি দ্বীপপুঞ্জের ফুয়ের্তেভেনতুরায় সম্প্রতি চতুর্থ জেল হোটেল চালু হয়েছে—এটি একটি সৈকত সংলগ্ন প্রাপ্তবয়স্কদের জন্য রিসোর্ট। চল্লিশ বছর বয়সী নাদাল জানান, তার ২৩ বছরের টেনিস ক্যারিয়ারের বেশিরভাগ সময় হোটেলে কাটানোর কারণে নিজের হোটেল তৈরি করা স্বাভাবিক পরবর্তী পদক্ষেপ ছিল। তিনি বলেন, 'আমি আমার জীবনের অর্ধেক সময় এভাবেই কাটিয়েছি এবং আমি জানি কী আমার সবচেয়ে বেশি পছন্দ।' মেলিয়া হোটেলস ইন্টারন্যাশনালের অংশীদারিত্বে ২০২২ সালে জেল হোটেলস প্রতিষ্ঠা করেন নাদাল। মাত্র এক বছরের মাথায় ম্যালোর্কায় প্রথম জেল হোটেল চালু হয়। এরপর স্পেনের কোস্টা ব্রাভা ও ডোমিনিকান রিপাবলিকের পুন্টা কানায় শাখা সম্প্রসারিত হয়েছে। তবে হোটেলই তার ব্যবসায়িক সাম্রাজ্যের একমাত্র অংশ নয়। হোটেল ব্যবসার আগে ২০১৬ সালে ম্যালোর্কায় তিনি রাফা নাদাল একাডেমি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে মেক্সিকো, গ্রিস, কুয়েত, হংকং ও ডোমিনিকান রিপাবলিকসহ বিশ্বের বিভিন্ন স্থানে টেনিস একাডেমি ও ক্রীড়া কেন্দ্রের নেটওয়ার্কে পরিণত হয়েছে। ২০২৫ সালে নাদাল তার একাডেমির ৪৪ দশমিক ৯ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান জিপিএফ ক্যাপিটালের কাছে বিক্রি করেন। এই চুক্তির মাধ্যমে তিনি ৫৫ দশমিক ১ শতাংশ শেয়ার ও মূল নিয়ন্ত্রণ ধরে রাখেন এবং আনুমানিক ৯৪ মিলিয়ন ইউরো (প্রায় ১০৭ মিলিয়ন ডলার) নগদ অর্থ পান। নাদাল একমাত্র ধনী ব্যক্তি নন যিনি অবসরের প্রতি অনীহা প্রকাশ করেছেন। রজার ফেদেরারও ২০২২ সালে অবসরের পর বিনিয়োগ ও ব্র্যান্ড চুক্তি থেকে প্রাইজ মানির চেয়ে বেশি আয় করেছেন। উইংস্টপের যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা টম গ্রোগানও ৫৩২ মিলিয়ন ডলারে ব্যবসা বিক্রির পর জীবনকে 'বিরক্তিকর' বলে মন্তব্য করে নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন। মার্থা স্টুয়ার্ট তো স্পষ্টভাবেই বলেছেন, 'অবসর গ্রহণ কোনো বিকল্প নয়।' ৮৪ বছর বয়সেও তিনি নতুন ব্র্যান্ড চালু করছেন। নাদালের পরিবারের হোল্ডিং কোম্পানি আসপেমির মাধ্যমে তার এই সব উদ্যোগ পরিচালিত হয়। তিনি বলেন, 'এটি আমার জন্য আজীবনের প্রকল্প, খুব ব্যক্তিগত। কিন্তু কোম্পানি বড় হয়েছে এবং আমাদের আরও সম্প্রসারণের জন্য সহায়তার প্রয়োজন ছিল।'
অবসর নয়, হোটেল ব্যবসায় মন দিলেন রাফায়েল নাদাল
টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল অবসর না নিয়ে হোটেল ব্যবসায় মন দিয়েছেন। ২২০ মিলিয়ন ডলারের মালিক নাদালের মতে, সকালে ঘুম থেকে উঠে কিছু না করার ধারণা তার পছন্দ নয়। তিনি জেল হোটেলস ব্র্যান্ডের অধীনে চতুর্থ হোটেল উদ্বোধন করেছেন এবং একাডেমি বিক্রি করে ১০৭ মিলিয়ন ডলার পেয়েছেন।




