যশোরের কেশবপুরে ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেতে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এক মৎস্য খামার ব্যবস্থাপক। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মাছ বিক্রির ২ লাখ ২০ হাজার টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রানা মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ। পথে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে এবং টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা চালায়।

একপর্যায়ে টানাটানির মধ্যে পড়ে সত্যজিৎ দ্রুত সিদ্ধান্ত নেন। তিনি ব্যাগটি পাশের মাছের ঘেরের পানিতে ছুড়ে ফেলে দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। তবে স্থানীয়রা তাদের পিছু নিলে নিরাপত্তার জন্য দুবার ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা পালিয়ে যায়।

ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দেন সত্যজিৎ দেবনাথ। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী সত্যজিৎ দেবনাথ বলেন, ‘মাছ বিক্রি করে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে কেশবপুরে মাছের খাদ্যের দাম দেওয়ার জন্য আসছিলাম। এ সময় পথ রোধ করে ছিনতাইকারীরা ওই টাকা ছিনতাই করার চেষ্টা করে। বুদ্ধি করে টাকার ব্যাগটি মাছের ঘেরের পানিতে ছুড়ে ফেলে রক্ষা পাই। এ সময় এলাকার লোকজন ছিনতাইকারীদের পিছু নিলে তারা দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়।’

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান বলেন, ‘আমি ভ্যানে করে বাড়ি যাচ্ছিলাম। ঘটনাস্থলে চিৎকার শুনছিলাম। দুবার গুলির শব্দ শুনতে পাই। তারপর আরও লোকজন এলে গিয়ে শুনি ছিনতাইকারীরা এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে না পেরে গুলি ছুড়ে পালিয়েছে।’

এলাকাবাসী জানান, ছিনতাইকারীদের দলটি অত্যন্ত সক্রিয় এবং ঘটনার সময় তারা প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চিৎকারও করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।