বলিউডের প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর খেলা নিয়ে তাঁর ব্যক্তিগত ব্লগে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বিশ্বকাপের ম্যাচের সময়সূচী তাঁর দৈনন্দিন জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন তিনি। ব্লগ পোস্টে তিনি উল্লেখ করেন, গভীর রাত ও ভোরের ম্যাচ দেখার কারণে সময়ের স্বাভাবিক বোধ হারিয়ে ফেলেছেন। তাঁর ভাষ্যে, সময়ের ধারণাই যেন উল্টে গেছে, তবে তিনি ও তাঁর পরিবার প্রতিটি ম্যাচ উপভোগ করছেন।

বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে অপ্রত্যাশিত ফলাফলকেই চিহ্নিত করেছেন অমিতাভ। তিনি দেখেছেন, ফুটবলের চিরাচরিত শক্তিধর দেশগুলো সময়ের আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। অন্যদিকে, যাদের নিয়ে সাধারণত আলোচনা হয় না, তারা অসাধারণ লড়াই করে নিজেদের পরিচিতি বৃদ্ধি করেছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সবাই বলে সেরা দল জিতুক, কিন্তু ফলাফল না আসা পর্যন্ত প্রকৃত সেরা দল কে তা বোঝা যায় না।

একইসঙ্গে ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলের পার্থক্য নিয়েও আলোকপাত করেছেন বিগ বি। আইপিএলের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ক্লাব স্তরে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়রা একই জাতীয় দলের হয়ে একত্রে খেলেন, যা চরিত্র ও মানসিক শক্তির পরিচায়ক। এই পরিবর্তন তাঁকে বিশেষভাবে আকর্ষণ করে।

বিশ্বকাপে কিশোর ফুটবলারদের উত্থানে তিনি একইসঙ্গে বিস্মিত ও অনুপ্রাণিত। মাত্র ১৭-১৮ বছর বয়সী তরুণরা যে দেশের প্রতিনিধিত্ব করছে, তা তাঁকে নিজের কৈশোরের কথা মনে করিয়ে দেয়। তিনি লিখেছেন, প্রতিটি প্রজন্মেরই নিজস্ব পৃথিবী রয়েছে এবং বর্তমান তরুণদের সামনে আগের প্রজন্মের চেয়ে বেশি সুযোগ রয়েছে। এই ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্ম কী অর্জন করবে তা ভেবে তিনি আশাবাদী।

ব্লগের শেষ অংশে ফুটবল থেকে সরে এসে অমিতাভ লিখেছেন, তাঁর বাসার আশপাশে আজ রোদ উঠেছে। তিনি এই রোদ উপভোগ করতে চান এবং সবার জন্য রৌদ্রোজ্জ্বল শুভেচ্ছা জানিয়েছেন।

(ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে তথ্যসূত্র)