বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ সকালে ম্যাকাইয়ের ফিটনেস কার্টল হেলথ ক্লাবসে (এফসি) জিম করেছেন। ওই জিমে হাজির ছিলেন স্বাগতিক অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার—জশ হ্যাজলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়ার আজ ছিল ঐচ্ছিক অনুশীলন, তাই এই তিনজন জিমকেই বেছে নিয়েছিলেন। বাংলাদেশ দলের পেসার শরীফুল ইসলাম জিম শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ডারউইন টেস্টে খেলতে না পারলেও সেই জয় তাঁকে কতটা আবেগাপ্লুত করেছিল, সেটি জানান তিনি।

এফসির সহপ্রতিষ্ঠাতা মাইকেল জেমস প্রথমে বাংলাদেশ দলের জিমের জন্য নির্ধারিত স্থানটি ঘুরিয়ে দেখান। অন্দরসজ্জা, আধুনিক ব্যায়ামের সরঞ্জাম, রিকভারি পুল ও মাটিতে বসানো রানিং ম্যাট—সবই দেখানো হয়। মাত্র নয় মাস আগে চালু হওয়া এফসি এখন ম্যাকাইয়ের সবচেয়ে বড় জিম। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখানে এলে জিম করতে এই ক্লাবেই আসেন।

জিমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের অনুশীলন কিছুক্ষণ দেখার পর সরে আসা হয়। এরই মধ্যে হ্যাজলউড নিজে থেকে জেমসের সঙ্গে কথা বলতে আসেন। আলোচনা ছিল মূলত ক্রিকেটকেন্দ্রিক। ডারউইন টেস্টের হারের ব্যাপারে হ্যাজলউডের মনোভাব ছিল 'একটা খারাপ ম্যাচ হয়ে গেছে' জাতীয়। তবে ম্যাকাই টেস্ট নিয়ে তাঁর প্রত্যাশা অনেক বেশি।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে একটি ওয়ানডে খেলেছেন হ্যাজলউড। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের উইকেট আমাদের জন্য বেশি ভালো হবে। এখানে পেস, বাউন্স অনেক বেশি থাকবে। লম্বা বোলাররা ভালো করবে। সকালের দিকে বলে বেশ মুভমেন্টও থাকতে পারে।' এছাড়া ম্যাকাইয়ের বাতাসের কথাও উল্লেখ করেন তিনি, যা ম্যাচে প্রভাব ফেলতে পারে।

পরে রিকভারি পুলে তিনজনকে দেখা যায়। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলার জন্য মানুষের ভিড় জমে। এফসির কর্মচারী ও জিমে আসা সাধারণ মানুষদের সেলফির আবদার মেটান তিন ক্রিকেটার। হ্যাজলউড নিজে সেলফি তুলে দিতে আগ্রহী ছিলেন। সাংবাদিকের ফোন নিয়ে নিজেই ছবি তোলেন তিনি। জিমের আলো-আঁধারির মধ্যেও ছবিটা খারাপ আসেনি বলে মন্তব্য করেছেন সাংবাদিক।