প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া 'ওমকারা' চলচ্চিত্রের শুটিংয়ের নানা ঘটনা স্মরণ করে সাইফ আলী খান জানিয়েছেন উল্লেখযোগ্য কয়েকটি মুহূর্তের কথা। ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ছবিটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে নগ্ন হয়ে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি।
সাইফ বলেন, ‘ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ সংলাপ বলতে হতো। বিশালজি হঠাৎ জানতে চাইলেন নগ্ন হয়ে দৃশ্যটি করতে রাজি কিনা। ধারণাটি খুবই রোমাঞ্চকর লাগলেও সেটে প্রচুর মানুষের উপস্থিতির কারণে প্রথমে দ্বিধা হয়। আমি তাঁকে বলি, আপনি যদি নিজে নগ্ন হয়ে পরিচালনা করেন, তবে আমি রাজি আছি। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান।’ বর্তমানে এ বিষয়ে পেছনে ফিরে তাকিয়ে সাইফ মনে করেন তাঁর আপত্তি না থাকলেও চলত। তিনি জানান, পেছন থেকে সিলুয়েট আকারে শুটিংয়ের পরিকল্পনা ছিল, যা দারুণ লাগত। তখন নতুন কিছু করার চেষ্টা চলছিল, এবং এটি তারই অংশ হতে পারত। বর্তমানে এমন প্রস্তাব পেলে তিনি রাজি হবেন বলে মন্তব্য করেন।
শুটিং শুরুর ঠিক আগে আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের ধারণা বদলে দেন বিশাল ভরদ্বাজ। সাইফের ভাষ্যে, একটি দীর্ঘ সংলাপের দৃশ্য ছিল যেখানে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিশোধের কথা বলছিলেন। কিন্তু পরিচালক এসে জানান তিনি চান না কোনো সংলাপ বলতে। তিনি একটি নতুন ভাবনা নিয়ে আসেন। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী সাইফ আয়নার সামনে দাঁড়াবেন, ক্যামেরা পেছন থেকে ট্রলিতে করে এগিয়ে আসবে, হাতে থাকবে একটি ভারী ধাতব বস্তু (হাতুড়ির মতো), এবং তা দিয়ে আয়না ভাঙতে হবে। ভাঙা আয়নায় মুখের প্রতিফলন টুকরো টুকরো হয়ে পড়বে, আঘাতে কেটে রক্ত বের হবে, যা কপালে মেখে নেবেন তিনি। এতেই প্রতিশোধের প্রস্তুতি বোঝা যাবে। সাইফ এই ধারণা শুনে মুগ্ধ হন এবং নিজেও মনে করেন সংলাপের প্রয়োজন নেই, একটি দৃশ্যই সব বলে দেয়। এটি ছিল সংযত ও বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনার পরিচয় বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি, ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে সাইফ জানান, তিনি পরে শুনেছেন ল্যাংড়া ত্যাগী চরিত্রটির কথা প্রথমে আমির খানের সঙ্গে আলোচনা হয়েছিল। বিশাল ভরদ্বাজ জানান, আমির খান অনেক প্রশ্ন করছিলেন এবং কিছু পরিবর্তন চাচ্ছিলেন। শেষ পর্যন্ত আমিরের সঙ্গে সেটি চূড়ান্ত হয়নি এবং সাইফকে ফোন করে চরিত্রটি দেওয়া হয়। সাইফ মনে করেন, আমির যে পথে চরিত্রটি দেখতে চেয়েছিলেন, পরিচালক সেদিকে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি।
উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’ অবলম্বনে নির্মিত ‘ওমকারা’ উত্তর ভারতের গ্রামীণ রাজনৈতিক পটভূমিতে নির্মিত, যেখানে ক্ষমতা, জাতপাত ও পিতৃতন্ত্রের বিষয় উঠে এসেছে। সাইফের ল্যাংড়া ত্যাগী চরিত্রটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত। সম্প্রতি তাঁকে ‘কার্তব্য’ ছবিতে দেখা গেছে।




