বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান সম্প্রতি তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়েছেন। কিছুদিন আগে মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে, অনেকেই তাঁর রোগা চেহারা ও ক্লান্ত ভাব দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন। নেটিজেনদের মধ্যে তাঁর সুস্থতা নিয়ে নানা প্রশ্ন ও সম্ভাব্য অসুস্থতা নিয়ে আলোচনা শুরু হয়। তবে অবশেষে সালমান নিজেই এই বিষয়ে স্পষ্টতা এনেছেন।

প্রাইম ভিডিওর রিয়েলিটি শো 'অ্যালিয়্যান্স'-এ নিজের ভাই সোহেল খানকে সমর্থন জানাতে হাজির হন সালমান। সেখানেই তিনি বলেন, 'আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।' তিনি জানান, এই পরিবর্তন অসুস্থতার কারণে নয়, বরং নতুন একটি সিনেমার চরিত্রের জন্যই তাঁর এই শারীরিক রূপান্তর প্রয়োজন ছিল। এজন্য তিনি কঠোর ডায়েট ও শরীরচর্চা করেছেন। মজা করে তিনি বলেন, 'আমার তো প্রতিদিনই চিট ডে।' তবে বাস্তবে তাঁর খাদ্যতালিকা অত্যন্ত নিয়ন্ত্রিত। সালমান জানিয়েছেন, তিনি দিনে মাত্র এক টেবিলচামচ ভাত খান এবং মূলত প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করেন। এর পাশাপাশি সকাল-সন্ধ্যায় নিয়মিত কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সালমানের বর্তমান ওজন ৭৫ কেজি। ৬০ বছর বয়সেও তিনি নিজের ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়াম করে যাচ্ছেন। ওজন কমানোর পাশাপাশি তিনি নতুন চরিত্রের জন্য নিজের শরীরকে নির্দিষ্টভাবে গড়ে তুলছেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে একটি নতুন সিনেমায় দেখা যাবে সালমানকে। সেই সিনেমার চরিত্রের প্রয়োজনেই তাঁর এই কঠোর প্রস্তুতি। সূত্র: হিন্দুস্তান টাইমস।