সান্তা মনিকার সমুদ্র সৈকতে আগামী সেপ্টেম্বরে একটি বড় সঙ্গীত উৎসবের আয়োজন হতে যাচ্ছে। কোচেলা ও স্টেজকোচের মতো জনপ্রিয় আয়োজনের প্রযোজক সংস্থা গোল্ডেনভয়েস সম্প্রতি 'ওশান ওয়ে ফেস্টিভ্যাল' নামে এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়েছে।

আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবকে সান্তা মনিকার ইতিহাসে প্রথম প্রধান সঙ্গীত আয়োজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এতে হেডলাইনার হিসেবে থাকছেন দ্য কিলার্স এবং সম্প্রতি গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা নবীন শিল্পী অলিভিয়া ডিন। এছাড়াও অংশ নেবেন জ্যাক হোয়াইট, ক্রুয়াংবিন, সাবলাইম, ডুরান্ড জোন্স অ্যান্ড দি ইন্ডিকেশনস, আলভেইস, এসজি লুইস, ফিফটি ফোর আল্ট্রা, হিয়াটাস কাইয়োতে, ব্লন্ড:ইশ, পুলসাইড, হট চিপ ডিজেসহ আরও অনেকে।

মূল মঞ্চের পটভূমি হিসেবে থাকবে সান্তা মনিকার ঐতিহাসিক পিয়ার। দুটি মঞ্চে দুই দিন ধরে রক, ইন্ডি, সোল ও হাউস সঙ্গীতের সমাহার ঘটবে। শহর কর্তৃপক্ষ এই আয়োজনে পূর্ণ সমর্থন দিয়েছে। উৎসবের নামকরণ করা হয়েছে সেই ওশান ওয়ে স্ট্রিটের নামে, যেখানে অ্যালেন সাইডস চল্লিশ বছর আগে 'ওশান ওয়ে রেকর্ডিং স্টুডিওজ' প্রতিষ্ঠা করেছিলেন।

এক বিবৃতিতে গোল্ডেনভয়েসের আঞ্চলিক উৎসববিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক অ্যাডলার বলেন, সান্তা মনিকার এক অসাধারণ সঙ্গীত ইতিহাস রয়েছে এবং গোল্ডেনভয়েস সেই গল্পের অংশ হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করে। সিভিক অডিটোরিয়ামের কিংবদন্তি কনসার্ট থেকে শুরু করে সমুদ্রসৈকতের কাছেই ওশান ওয়ে রেকর্ডিং-এর সূচনা—এখানে এমন এক সৃজনশীল ঐতিহ্য বিদ্যমান যা অন্য কোথাও দেখা যায় না। এই উৎসব সেই ইতিহাস উদযাপনের পাশাপাশি এমন কিছু নির্মাণের সুযোগ, যা আগামী বছরগুলোতে সান্তা মনিকার পরিচয় বহন করবে।

সান্তা মনিকার ৬০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়বহুল পুনর্বিন্যাস পরিকল্পনার অংশ হিসেবে শহরটি এই উৎসব আয়োজনের উদ্যোগ নেয় এবং এর প্রযোজক হিসেবে গোল্ডেনভয়েসকে নির্বাচন করে। উৎসবটি হবে শহরের নতুন সমুদ্রতীরবর্তী জেলা 'দ্য স্যান্ডবক্স অন দ্য বিচ'-এর সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে ফিফা বিশ্বকাপ ২০২৬, সুপার বোল এলএক্সআই এবং লস অ্যাঞ্জেলেস ২৮ অলিম্পিক ও প্যারালিম্পিকের মতো বড় আয়োজনগুলোও অনুষ্ঠিত হবে।

শহরের মেয়র ক্যারোলিন তোরোসিস মন্তব্য করেন, সান্তা মনিকা বর্তমানে এক নবজাগরণের মধ্যদিয়ে যাচ্ছে। শহরটি বিশ্বকে তার তীরে স্বাগত জানাচ্ছে এবং এই উৎসবের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে স্থানীয় জনগোষ্ঠী এর কেন্দ্রে অবস্থান করছে।

উৎসবকে সামনে রেখে সান্তা মনিকা জুড়ে বেশ কিছু বিনামূল্যের অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে বিনামূল্যের কনসার্ট, সৈকত পরিষ্কার অভিযান, স্থানীয় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, তরুণদের জন্য সার্ফ ও জল নিরাপত্তা প্রশিক্ষণ, এবং স্থানীয় ব্যবসা অংশীদারিত্ব।

উৎসবটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। 'দ্য স্যান্ডবক্স' বলতে সান্তা মনিকা পিয়ার ও বে স্ট্রিটের মধ্যবর্তী সমুদ্রসৈকত এলাকাকে বোঝানো হচ্ছে, এবং পিয়ার ইভেন্ট ডেকও এই আয়োজনে ব্যবহৃত হবে। মূল মঞ্চে প্রতিদিন পাঁচটি করে পরিবেশনা থাকবে, আর দ্বিতীয় মঞ্চটি দেবে তুলনামূলক ঘনিষ্ঠ এক অভিজ্ঞতা। উৎসব প্রাঙ্গণে দাঁড়ানোর জায়গা ও খোলা চাদর বিছানোর ব্যবস্থা থাকবে, ঠিক যেমনটি সৈকতে সাধারণত করা হয়।

সান্তা মনিকার বাসিন্দাদের জন্য টিকিটের প্রাক-বিক্রয় শুরু হবে ২২ জুলাই, বুধবার, স্থানীয় সময় সকাল ১১টায়। সর্বসাধারণের জন্য টিকিট বিক্রি হবে ২৩ জুলাই, বৃহস্পতিবার, একই সময়ে। এক দিনের (শনিবার বা রবার) ও দুই দিনের পাস হিসেবে টিকিট পাওয়া যাবে। কিস্তিতে অর্থ পরিশোধের সুবিধাও থাকছে, পাশাপাশি স্থানীয় হোটেলের সঙ্গে টিকিট একত্রিত করে অফিসিয়াল প্যাকেজও দেওয়া হবে। এছাড়া প্রিমিয়াম পিট এবং প্রপার হোটেলসের সঙ্গে অংশীদারিত্বে 'প্রপার বিচ ক্লাব' নামে বিশেষ আতিথেয়তা অভিজ্ঞতাও পাওয়া যাবে।

উৎসবটি একটি টেকসই ও গণপরিবহন-অগ্রাধিকারমূলক অভিজ্ঞতা প্রদান করবে, যেখানে নিজস্ব গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না। পরিবর্তে এলএ মেট্রোর ই লাইন, বিগ ব্লু বাস, শাটল সার্ভিস ও সাইকেল ভ্যালেট ব্যবহারে উৎসাহিত করা হবে।