বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল বর্তমানে চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত। দীর্ঘদিন প্রেমের পর ২০২৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এসে এই দম্পতি জানান, তাদের সম্পর্কের শুরু থেকেই বিষয়টি বুঝে ফেলেছিলেন বলিউড ভাইজান সালমান খান।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঞ্চালিত ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অতিথি হয়ে সোনাক্ষী ও জহির জানান, সালমান খানের আয়োজিত এক পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৭ সালে। সেই সময় থেকেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়, কিন্তু বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন তারা। জহির ইকবাল বলেন, ‘আমরা কিছু বলার আগেই সালমান ভাই সব বুঝে গিয়েছিলেন। তিনি আমাদের একসঙ্গে দেখে ফেলেছিলেন।’

সোনাক্ষী জানান, সালমান যখনই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেন, তখনই তারা ‘এমন কিছু নয়’ বলে এড়িয়ে যেতেন। কিন্তু সালমান তাদের কথা বিশ্বাস করতেন না। একদিন সালমান মজা করে সোনাক্ষীকে বলেছিলেন, ‘একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে, আর জহিরও কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তাই কারও পক্ষ নিতে চাই না।’ এই কথা শুনে সোনাক্ষী-জহির উভয়েই অবাক হয়ে যান।

অনুষ্ঠানে অভিনেত্রী আরও জানান, একটি ট্রেকিং ভ্রমণের সময় সালমান জহিরের কাছে গিয়ে শুধু বলেছিলেন, ‘সবই দেখছি।’ তখনই তারা বুঝতে পারেন, সম্পর্কটি আর গোপন রাখা সম্ভব নয়। ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের মাধ্যমে সম্পর্কটি প্রকাশ্যে আসে। ২০২৪ সালের জুনে মুম্বাইয়ে সোনাক্ষীর বাসভবনে বিশেষ বিবাহ আইনে নিবন্ধনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদযাপন করেন এই দম্পতি।

উল্লেখ্য, বর্তমানে সোনাক্ষী ও জহির বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিত। সালমান খানের এই মন্তব্য ও তাদের সম্পর্কের গোপন কাহিনি ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।