চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলনে জিমেইলের জন্য একটি নতুন এআই সমৃদ্ধ ফিচারের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সেই ঘোষণা অনুযায়ী ‘জেমিনি লাইভ’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা এখন অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। গুগলের তথ্যমতে, এর মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইলে জমে থাকা অসংখ্য ই–মেইলের মধ্যে প্রয়োজনীয় বার্তা বের করতে এবার আর শুধু নির্দিষ্ট কী–ওয়ার্ড বা বিষয় লিখে সার্চ করে সময় নষ্ট করবেন না। বরং তারা ই–মেইল ইনবক্সে স্বাভাবিক ভাষায় কথা বলে বা লিখে প্রশ্ন করলেই জেমিনি সেই উত্তর খুঁজে দেবে।
সুবিধাটি দুটি ভিন্ন মাধ্যম নিয়ে কাজ করবে। প্রথমটি ‘জিমেইল লাইভ’ নামের কণ্ঠনির্ভর পদ্ধতি, যেখানে ব্যবহারকারীরা কথা বলেই জেমিনিকে প্রশ্ন করে প্রাসঙ্গিক ই–মেইল ও তথ্য পাবেন। দ্বিতীয়টি ‘আস্ক জিমেইল’ নামের লিখিত পদ্ধতি, যেখানে স্বাভাবিক ভাষায় টাইপ করা প্রশ্ন বিশ্লেষণ করে জেমিনি নির্ভুল উত্তর প্রদান করবে। উত্তর প্রদানের সময় এটি শুধু প্রাসঙ্গিক ই–মেইলের অংশবিশেষই নয়, বরং মূল বার্তার সঙ্গেও ব্যবহারকারীকে পরিচয় করিয়ে দেবে, যাতে তথ্যের সত্যতা যাচাই করা সহজ হয়।
জেমিনি লাইভ ব্যবহারের পদ্ধতিও সহজ ও স্বচ্ছ। জিমেইলে প্রবেশের পর সার্চ বক্সে ট্যাপ করলে ‘আস্ক জিমেইল’ অপশন চালু হবে। আবার সেই সার্চ বক্সের ভেতর একটি জেমিনি আইকন থাকবে, যা ট্যাপ করলেই কণ্ঠনির্ভর জিমেইল লাইভ সক্রিয় হবে। ভয়েস ফিচার ব্যবহারের সময় ব্যবহারকারীরা জেমিনি লাইভের মতো একটি অভিন্ন ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে কিছু নমুনা প্রশ্নও আগে থেকে দেওয়া থাকবে। ব্যবহারকারী যখন স্বাভাবিক ভাষায় কোনো প্রশ্ন করবেন, জেমিনি সেটি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ই–মেইল থেকে তথ্য বের করে লিখিত ও কণ্ঠ উভয় মাধ্যমেই উত্তর দেবে এবং পাশাপাশি সেই তথ্যের উৎস ই–মেইলটিও দেখিয়ে দেবে।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে গ্রাহকদের জন্য জিমেইল লাইভ উন্মুক্ত করা হবে। প্রথম পর্যায়ে গুগল এআই প্রো ও গুগল এআই আলট্রা সাবস্ক্রিপশন গ্রাহকেরা এই সুবিধা পাবেন। পরবর্তীতে ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য এটি চালু হবে। এই নতুন ফিচার জিমেইলের ব্যবহারকারীদের ই–মেইল ব্যবস্থাপনার অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলেই ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকরা। তারা মনে করছেন, ইনবক্সে হাজারো ই–মেইল থাকলেও জেমিনি লাইভের কল্যাণে নির্দিষ্ট শব্দ, প্রেরকের নাম বা বিষয় খুঁজতে গিয়ে আর বারবার সার্চ বক্স ব্যবহারের প্রয়োজন হবে না। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ।




