বলিউড তারকা ম্রুণাল ঠাকুর ও ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালের নাম জড়িয়ে সাইবার জগতে নতুন করে সম্পর্কের জল্পনা দানা বেঁধেছে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের এক কফি শপে দুজনকে কাছাকাছি সময়ে দেখতে পাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ গুঞ্জন শুরু হয়। ছবিতে যদিও তারা একসঙ্গে ছিলেন না, তবুও নেটাগরিকদের একাংশ তাতে প্রেমের ইঙ্গিত খুঁজে পেয়েছে।
ভাইরাল ওই দৃশ্যে ধরা পড়ে, ক্রিকেটার যশস্বী জয়সোয়াল ক্যাফে ত্যাগ করে তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। অপরদিকে সেই মুহূর্তে অভিনেত্রী তখনও ভেতরেই অবস্থান করছিলেন। ভিডিওটিতে দুইজনের মধ্যে কোনো প্রকার ঘনিষ্ঠতা বা একত্র অবস্থানের চিত্র না থাকলেও অনেকে সেটির সঙ্গে রোমান্টিক আবহ মিশিয়ে ক্যাপশন দিয়েছেন, যার ফলে বিষয়টি দ্রুতই ডেটিং গুঞ্জনের রূপ নেয়।
গুঞ্জনের পাশাপাশি তুষদের বয়সের ফারাক নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা জমে ওঠে। ম্রুণাল ঠাকুরের বর্তমান বয়স ৩৩, যেখানে যশস্বী জয়সোয়ালের বয়স ২৪। অর্থাৎ বয়সের ব্যবধান প্রায় ৯ বছর। রসিকতার সুরে এক নেটিজেন লেখেন, 'ম্রুণাল যশস্বীর চেয়ে ৮-৯ বছরের বড়। একজন করছেন ক্রিকেটের ইনিংস ওপেন, আরেকজন প্রেমের। দারুণ জুটি!' অন্য আরেকজন দাবি করেন, যশস্বীর নাকি পূর্ব থেকেই একজন ব্রিটিশ প্রেমিকা আছেন এবং তাদের পরিচয় বন্ধুসূত্রে হতে পারে, কিন্তু তাতে প্রেম ভাবার কিছু নেই। অবশ্য এসব দাবির পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ সামনে আসেনি।
অনেক অনুরাগী আবার এই সাক্ষাৎকে কাজের বাইরে কিছু মনে করছেন না। তাদের ধারণা, কোনো বাণিজ্যিক চিত্রগ্রাহণ বা বিজ্ঞাপনের শুটিং উপলক্ষেই হয়তো তারা দুজনে ওই ক্যাফেতে গিয়েছিলেন। এ প্রসঙ্গে এক ভক্তের বক্তব্য, 'আমার মনে হয় না এখানে প্রেমের কিছু আছে। সম্ভবত এটি কোনো শুটিংয়ের কাজ। আজকাল বয়সের ফারাক নিয়ে কেউ খুব বেশি ভাবে না।'
এই সকল জল্পনা সত্ত্বেও ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সোয়াল কেউই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত জনসমক্ষে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। সুতরাং তাদের সম্পর্কের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ আপাতত নেই। উল্লেখ্য, ম্রুণাল ঠাকুরকে সবশেষ 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' শিরোনামের সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।




