গোল করার পর স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের একটি বিশেষ উদযাপন চোখে পড়ে—তিনি আঙুল দিয়ে ৩০৪ সংখ্যাটি নির্দেশ করেন। এই সংখ্যাটি শুধু একটি এলোমেলো অঙ্ক নয়; বরং এর পেছনে লুকিয়ে আছে তাঁর পরিবারের ইতিহাস ও শিকড়ের গভীর সম্পর্ক। ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের ইনস্টাগ্রাম আইডি ‘HustleHard304’—যার শেষের তিন অঙ্কটি ৩০৪। এই সংখ্যাটি আসলে স্পেনের কাতালোনিয়ার মাতারো শহরের রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক। সেই এলাকায়ই শৈশব কেটেছে ইয়ামালের।
রোকাফোন্দা মাতারোর একটি শ্রমজীবী ও বহুসাংস্কৃতিক এলাকা হিসেবে পরিচিত। মরক্কো, ইকুয়েটোরিয়াল গিনিসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী পরিবার এখানে বসবাস করে। ইয়ামালের পরিবারও সেই অভিবাসী সম্প্রদায়ের অংশ। এই এলাকা শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, বরং ইয়ামালের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। গোল করার পর দুই হাতের আঙুল দিয়ে ৩০৪ দেখিয়ে উদযাপন করেন তিনি। এমনকি তাঁর বুটেও লেখা থাকে ‘এলওয়াই৩০৪’। বার্সেলোনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছিলেন, মানুষ যেন জানতে পারে তিনি কোথা থেকে উঠে এসেছেন। তাই ৩০৪ তাঁর কাছে নিজের শিকড়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তাঁর ইনস্টাগ্রামে নিয়মিত দেখা যায় ছোটবেলার ইয়ামালের ছবি, ম্যাচের ভিডিও, ট্রফি জয়ের মুহূর্ত এবং পারিবারিক স্মৃতি। তবে ‘HustleHard304’ আইডির প্রথম অংশ ‘হাসল হার্ড’-এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মুনির কখনো দেননি। ইংরেজি স্ল্যাংয়ে ‘হাসল হার্ড’ বলতে বোঝায়, কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়া বা সংগ্রাম করে নিজের জায়গা তৈরি করা। অনেকের ধারণা, অভিবাসী পরিবারের সংগ্রামী জীবনের প্রতিফলন হিসেবেই মুনির শব্দ দুটি ব্যবহার করেছেন। তবে এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। ছেলেকে নিয়ে বিতর্ক বা সমালোচনা হলে মুনির প্রকাশ্যেই প্রতিক্রিয়া জানান। পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘অন্যের সন্তানকে সম্মান করুন।’ সুতরাং, HustleHard304 শুধু একটি ইনস্টাগ্রাম আইডি নয়; এটি ইয়ামালের পরিবারের শিকড়ের পরিচয় বহন করে। আর ‘হাসল হার্ড’ হয়তো সংগ্রাম, আত্মপরিচয় ও পরিশ্রমের বার্তা দেয়।




