লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬-এর জন্য চলচ্চিত্রগ্রাহকদের (সিনেমাটোগ্রাফার) কাছ থেকে কাজ জমা নেওয়া শুরু হয়েছে। বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানোন্নয়নে ২০২৩ সালে এই সম্মাননা চালু করা হয়। এ বছর ২০২৪-২৫ সালের মধ্যে মুক্তি পাওয়া যে কোনো কাহিনিচিত্রের জন্য একজন চলচ্চিত্রগ্রাহককে এই সম্মাননা দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে এবং তারা বাংলাদেশের নাগরিক হতে বাধ্য। জমা দেওয়া চলচ্চিত্রটি বড় বা ছোট পর্দার জন্য তৈরি, দর্শকের জন্য সহজলভ্য এবং যেকোনো মাধ্যমে ধারণ করা কাহিনিচিত্র হতে হবে। চলচ্চিত্রটির দৈর্ঘ্য মুক্ত থাকবে এবং এটি ২০২৪-২৫ সালের মধ্যে প্রস্তুত হতে হবে। বিচারক দল কাহিনির দৃশ্যমান প্রকাশ, কারিগরি দক্ষতা, নান্দনিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে মূল্যায়ন করবেন।
আগ্রহী ব্যক্তিরা আগামী ২৩ আগস্টের মধ্যে তাদের চলচ্চিত্র জমা দিতে পারবেন। একজন আবেদনকারী কেবল একটি চলচ্চিত্রের জন্য আবেদন করতে পারবেন। বিজয়ীর নাম ২৪ সেপ্টেম্বর মিশুক মুনীরের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং তাকে এক লাখ টাকা সম্মাননা দেওয়া হবে।
আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর, সংক্ষিপ্ত জীবনী, চলচ্চিত্রগ্রাহক বা ডিওপি হিসেবে কর্মবৃত্তান্ত, চলচ্চিত্রের সারসংক্ষেপ ও লগ লাইন জমা দিতে হবে। অনলাইনে চলচ্চিত্রের লিংক lily.munier.memorial@gmail.com-এ পাঠানো যাবে। এছাড়াও ইউএসবি স্টিক সরাসরি বাড়ি ১০৭, সড়ক ৪, ব্লক এ, বনানী, ঢাকা ১২১৩ ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে। কোনো প্রশ্ন থাকলে ই-মেইলে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।




