চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবস্থিত একটি লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক বলে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দেওয়া তথ্য অনুযায়ী, কারখানায় শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ করেই বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ১০ জন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন—বোয়ালখালীর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩), চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার চুনতীর সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মোহাম্মদপুর এলাকার জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর চর খিজিরপুর এলাকার নূর নবী (২৫), পটিয়ার হোলাইন এলাকার মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার শান্তিহাট এলাকার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের কাঞ্চননগর এলাকার সেলিম উদ্দিন (৩০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন জানিয়েছেন, কারখানায় আগুন লাগার পর দগ্ধ অবস্থায় ১০ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাঁদের চিকিৎসা অব্যাহত রয়েছে। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। পাশে কাগজের স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। তবে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি।


