‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, তা এখন আরও বেড়েছে। নতুন এই সিনেমার নাম নিয়ে শুরুতে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’— এমন দুটি নামই আলোচনায় ছিল। অবশেষে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ছবিটির নাম হবে ‘নিঃস্ব’। আগামী সপ্তাহখানেকের মধ্যে একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শেহরিন সুমি জানিয়েছেন, টিজারে ছবিটি সম্পর্কে ধারণা দেবেন পরিচালক নিজেই।
সিনেমাটির নায়িকা নিয়ে দীর্ঘদিন ধরেই জোর আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নাম চর্চা হলেও সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, এমন কোনো খবরের ভিত্তি নেই। ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করেছেন সাবিলা নূর, তাই অনেকেই ধরে নিয়েছিলেন নতুন ছবিতেও তাঁকে দেখা যেতে পারে। তবে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। এটা শিগগির জানাব। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।’
কিন্তু নির্মাতার এই বক্তব্যের মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। সিনেমাটির সঙ্গে জড়িত একাধিক সূত্রের দাবি, ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল। সবকিছু চূড়ান্ত হয়েছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটিই বাকি। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব ও ইধিকাকে নিয়ে ছবিটির শুটিং শুরু করবেন মেহেদী হাসান। ইতিমধ্যে শুটিংয়ের প্রস্তুতিও নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।
‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ের মাধ্যমেই দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান ইধিকা পাল। এরপর ‘বরবাদ’-এ আবারও তাঁদের জুটি দেখা যায়। এবার ‘নিঃস্ব’-তে কাজ করতে পারলে শাকিব-ইধিকার এটি হবে তৃতীয় সিনেমা। ফলে এই জুটির নতুন ছবি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি ‘বরবাদ’-এর পর শাকিব-মেহেদী জুটি আবারও কতটা চমক দেখাতে পারে সেটিও এখন আলোচনার বিষয়।
‘বরবাদ’-এর মতো নতুন ছবিটিও অ্যাকশনধর্মী হবে। তবে গল্প ও চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছেন না পরিচালক। তাঁর মতে, চিত্রনাট্য পুরোপুরি চূড়ান্ত হলে তবেই ছবিটি নিয়ে বিস্তারিত জানানো হবে। আগামী বছরের ঈদুল ফিতরকে টার্গেট করে চলছে ছবিটির প্রস্তুতি।
এদিকে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী সপ্তাহে তাঁর দেশে ফেরার কথা। এরপর সপ্তাহখানেকের বিরতি দিয়ে ‘সোলজার’ ছবির শেষ অংশের শুটিং করবেন তিনি। সেই কাজ শেষ করেই ‘নিঃস্ব’ ছবির জন্য নিজেকে প্রস্তুত করবেন বলে জানা গেছে।




