বিশ্বের বৃহত্তম পেমেন্ট প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিসা তাদের কর্মী সংখ্যা ৭ শতাংশ হ্রাস করতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ২ হাজার ৬০০ জনের মতো কর্মচারী তাদের চাকরি হারাবেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান ম্যাকইনার্নি কোম্পানিটিকে আরও সাশ্রয়ী ও দক্ষ করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। কর্পোরেট খরচ কমিয়ে আনা এবং এআই প্রযুক্তির কারণে পরিবর্তনশীল কাজের ধরনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হচ্ছে। সিইও ম্যাকইনার্নি বিশ্বব্যাপী অর্থ লেনদেন খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে ও প্রযুক্তিগত উদ্ভাবনকে আরও জোরদার করতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দিচ্ছেন। ভিসার এই সিদ্ধান্ত প্রযুক্তি ও অর্থ খাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর আগেও বিভিন্ন সময়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। তবে এআইয়ের অগ্রগতি ও স্বয়ংক্রিয়করণের কারণে এবারের ছাঁটাইয়ের মাত্রা অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিসার পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কর্মী ছাঁটাই হবেন তাদের জন্য পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। কোম্পানিটি তাদের কর্মী সংখ্যা পুনর্বিন্যাস করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে চায়।