দেশের নারীদের ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করতে নতুন একটি বৃহৎ উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এসআর ড্রিম আইটি। প্রতিষ্ঠানটি ‘ফিমেল ফ্রিল্যান্সিং এমপাওয়ারমেন্ট ক্যাম্পেইন-থ্রি: ফেজ টু’ নামক কার্যক্রমের মাধ্যমে ২০ হাজার নারীকে ঘরে বসে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন ব্যবসায় দক্ষ করে তুলতে চায়। এই ক্যাম্পেইনটি দেশের ইতিহাসে নারীদের জন্য সবচেয়ে বড় ডিজিটাল প্রশিক্ষণ প্রয়াস হিসেবে আখ্যায়িত করছে সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, এর আগেও একই ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেছে এসআর ড্রিম আইটি। ২০২২ সালে মাত্র দুই হাজার নারীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের দোরগোড়ায় পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২০ হাজারে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও ২০ হাজার নারীকে দক্ষ করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।
প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন মেহনাজ করিম অর্নি। তিনি দীর্ঘদিন ধরে নারীদের ডিজিটাল শিক্ষা ও অনলাইন ক্যারিয়ার গড়ে তোলার কাজে যুক্ত। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতি এখন শেখার পথকে অনেক সহজ করে দিয়েছে। তিনি উল্লেখ করেন, একজন নারীর হাতে শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই তিনি দেশের যেকোনো প্রান্ত থেকে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। সমস্ত ক্লাস জুমের লাইভ প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, ফলে ঘরে বসেই সরাসরি প্রশিক্ষণ নেওয়া সম্ভব। পাশাপাশি অংশগ্রহণকারীরা বিনামূল্যে ২৪ ঘণ্টার একটি বিশেষ কমিউনিটি গ্রুপের সদস্য হতে পারবেন, যেখানে তাঁরা যেকোনো সমস্যার দ্রুত সমাধান পাবেন।
ক্যাম্পেইনে আরও একজন প্রশিক্ষক হিসেবে থাকবেন ওয়াসিকা রহমান পারিসা। তিনিও নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও অনলাইন আয়ের সুযোগ তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেবেন।
অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ কিছু সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে দুই হাজার জনের জন্য বিশেষ ইন্টার্নশিপ, ১০ লাখ টাকা মূল্যের স্কলারশিপ, শীর্ষ ১০ নারী শিক্ষার্থীর জন্য বিশেষ স্কলারশিপ, সেরা দুই শিক্ষার্থীর জন্য ল্যাপটপ উপহার, এবং যোগ্য শিক্ষার্থীদের এসআর ড্রিম আইটিতে সরাসরি চাকরির সুযোগ। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী আজীবনের জন্য কমিউনিটি অ্যাক্সেস এবং নারী মেন্টরদের নিয়মিত নির্দেশনা পাবেন।
প্রতিষ্ঠানের কর্ণধার শুভ আহমেদ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত এসআর ড্রিম আইটিতে প্রায় ৮৫ হাজার শিক্ষার্থী বিভিন্ন ডিজিটাল স্কিলের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে। তাঁদের সম্মিলিত আয়ের পরিমাণ ইতিমধ্যে ১১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ দেওয়াই তাদের লক্ষ্য নয়, বরং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা। বিশেষ করে নারীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে সম্পৃক্ত করাকে তারা একটি অঙ্গীকার হিসেবে দেখেন।
প্রযুক্তিনির্ভর দক্ষতা, অভিজ্ঞ প্রশিক্ষক ও দীর্ঘমেয়াদি সহায়তার সমন্বয়ে এসআর ড্রিম আইটির এই উদ্যোগ দেশের নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।




