যুক্তরাষ্ট্রে তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণের খরচ দ্রুত বাড়ছে, যা দেশটির ক্রীড়া প্রতিভার ভাণ্ডারকে সংকুচিত করে ফেলার আশঙ্কা তৈরি করেছে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে যুব ক্রীড়ার ব্যয় বেড়েছে ৪৬ শতাংশ। এই পরিস্থিতিতে মার্কিন ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া অভিজ্ঞ তারকা ল্যান্ডন ডোনোভান সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, বর্তমান মূল্যস্তরে সাধারণ পরিবারের পক্ষে সন্তানকে ক্লাব ক্রীড়ায় যুক্ত রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ডোনোভান জানান, তিনি একক মায়ের সন্তান এবং শৈশবে কারও আর্থিক সহায়তা না পেলে কখনোই ক্লাব ফুটবল খেলার সুযোগ পেতেন না। তাঁর মায়ের বার্ষিক আয় ছিল মাত্র ৩৪ হাজার ডলার, যা দিয়ে তিন সন্তানের ভরণপোষণ এবং ৪ হাজার ডলারের ক্লাব ফি দেওয়া কল্পনাতীত ছিল। ডোনোভানের ভাষ্যে, ‘কেউ একজন আমাকে দলে জায়গা দিয়ে এবং আমার সব খরচ বহন করে সাহায্য করেছিলেন। নইলে খেলা সম্ভব হতো না। এই ব্যবস্থা ভালো খেলোয়াড় তৈরির জন্য মোটেও উপযুক্ত নয়।’ তিনি আরও বলেন, বর্তমান পদ্ধতিতে ক্লাবগুলোর লাভ হলেও শিশুরা হেরে যাচ্ছে।
অ্যাসপেন ইনস্টিটিউটের স্পোর্টস অ্যান্ড সোসাইটি প্রোগ্রামের নির্বাহী পরিচালক টম ফ্যারি দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন, ক্লাব ফি ও ইউনিফর্মের পাশাপাশি ভ্রমণই সবচেয়ে বড় ব্যয় হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে ট্রাভেল সকার লিগে সারাবছরের কোচিং ও ভ্রমণ বাবদ একটি পরিবারকে ১৫ হাজার ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে। ফ্যারির মতে, যুক্তরাষ্ট্রের সংগঠিত ক্রীড়া কাঠামো মূলত তরুণদের প্রতিভা বিকাশের ব্যবস্থা নয়, বরং এটি প্রাপ্তবয়স্কদের অর্থ উপার্জনের জন্য শিশুদের ব্যবহারের একটি মাধ্যম।
শুধু ফুটবল নয়, সব ধরনের ক্লাব ক্রীড়াতেই এই ব্যয় বাড়ছে। ফেডারেল তথ্যানুযায়ী, ২০২৩ সালে ৬ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ৫৫ শতাংশের বেশি কোনো না কোনো ক্রীড়ায় অংশ নিয়েছে। কিন্তু সংগঠিত ক্রীড়ার কাঠামোয় যন্ত্রপাতি, রেফারি ও ভ্রমণের খরচ কমানোর কোনো কার্যকর ব্যবস্থা নেই। ১৯৭৮ সালের অ্যামেচার স্পোর্টস অ্যাক্ট অলিম্পিক ক্রীড়ায় সরকারি তহবিল নিষিদ্ধ করায় উচ্চ আয়ের এলাকাতেই ক্লাব গঠনের প্রবণতা বেশি। চাহিদার কারণে এমএলএস নেক্সট, ইউএসএল, এনপিএল ও গার্লস অ্যাকাডেমির মতো লিগগুলো উচ্চ মূল্য নির্ধারণ করছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাইভেট ইকুইটি ফার্মগুলোর আগ্রহ। ২০২৩ সালে সুইডিশ প্রতিষ্ঠান ইকিউটি ফ্লোরিডার আইএমজি অ্যাকাডেমি ১.২৫ বিলিয়ন ডলারে কিনে নেয়, যা উচ্চ টিউশনি ও বিনিয়োগ থেকে রিটার্নের চাপ সৃষ্টি করে আরও অনেক পরিবারের জন্য খরচ অসাধ্য করে তুলতে পারে। ডোনোভান নিজেও আইএমজি অ্যাকাডেমি (তৎকালীন ব্র্যাডেনটন অ্যাকাডেমি) থেকে ইউ-১৭ জাতীয় দলের আবাসিক প্রোগ্রামের মাধ্যমে তাঁর ক্রীড়া জীবন শুরু করেন। ১৬ বছর বয়সে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনের সঙ্গে ১০ লাখ ডলারের বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেন তিনি।
ডোনোভানের ভাষ্য, বর্তমান ব্যবস্থায় অনেক প্রতিভাবান শিশু আর্থিক অক্ষমতার কারণে হারিয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন রেখেছেন, ‘এই দেশে কত শিশু আছে যারা খেলার সামর্থ্য না থাকায় হারিয়ে যাচ্ছে, সেই কথা কি কেউ ভাবছে?’ তাঁর মতে, এই দামবৃদ্ধি শুধু ব্যক্তিগত স্বপ্ন নয়, বরং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের ক্রীড়া প্রতিভার পাইপলাইনকে দুর্বল করে দিচ্ছে।

