যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) লেবার পার্টির বিশেষ সম্মেলনে দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। এর ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পথ উন্মুক্ত হলো। দলীয় সম্মেলনে নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বার্নহাম জানান, তাঁর হাতে কেবল নেতৃত্বের দায়িত্বই নয়, বরং যুক্তরাজ্যকে নতুন পথে পরিচালিত করার একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। সূত্র অনুযায়ী, আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। বার্নহাম সেই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহামের রয়েছে ২৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি বামপন্থা ও জনসেবার জন্য পরিচিত। নেতা নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর রাজনৈতিক দর্শন ও পরিকল্পনা তুলে ধরেন। বার্নহাম বলেন, তাঁর পরিকল্পনার মূল লক্ষ্য হলো রাজনীতির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা এবং এমন একটি সরকার গঠন করা যা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। তিনি আরও বলেন, তাঁর নেতৃত্বে লেবার পার্টি আবার শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো হবে তাঁর সরকারের মূল অগ্রাধিকার। বার্নহাম স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী হয়েও তিনি নিজেকে বদলে ফেলবেন না; বরং সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই নীতি নির্ধারণ করবেন এবং জনগণের কাছাকাছি থেকেই নেতৃত্ব দেবেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসা বার্নহাম মনে করেন, দীর্ঘকাল ধরে যুক্তরাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত অতিরিক্তভাবে লন্ডনকেন্দ্রিক হয়ে পড়েছে। তাঁর মতে, স্থানীয় সরকারগুলোর হাতে আরও ক্ষমতা, অর্থ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে, যাতে দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নয়নের সুফল পায়। ভাষণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, জাতীয় স্বাস্থ্যসেবা এনএইচএস আরও শক্তিশালী করা, সামাজিক সেবা সংস্কার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন বার্নহাম। তিনি উল্লেখ করেন, গত কয়েক দশকের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অনেক মানুষ নিজেদের পিছিয়ে পড়া মনে করছেন। তাঁর সরকার সেই ধারা পরিবর্তন করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে। নেতা নির্বাচিত হওয়ার পর স্ত্রী মারি–ফ্রান্স ভন হিল ও পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় বার্নহামকে। লন্ডনে অনুষ্ঠিত এই বিশেষ সম্মেলনে দলের নেতা নির্বাচিত ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।