ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দের মধ্যে শনিবার অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে। ম্যাচের ৪০তম মিনিটে জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় দলের আরও কয়েকজন খেলোয়াড় জড়িয়ে পড়েন। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান মাঠের নারী রেফারি মাথিলদে দেমোঁসে। কিন্তু খেলোয়াড়দের ধাক্কাধাক্কির মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি কয়েক মিনিট মাঠে পড়ে ছিলেন এবং নিজের হাত ধরে রাখেন। ঘটনার পর সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে এসে তাঁর শারীরিক অবস্থা দেখেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফ্রান্সের পূর্বাঞ্চলের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল। মাথায় আঘাত পাওয়ার পরও ২৬ বছর বয়সী দেমোঁসে কিছু সময় সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। তবে বিরতির সময় তিনি মাঠ ছেড়ে যেতে বাধ্য হন এবং পরে তাঁর জায়গায় অন্য একজন সহকারী রেফারি দায়িত্ব নেন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, তিনি কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হয়েছেন। ঘটনাটি মাঠের যে জায়গায় ঘটে, ঠিক তার পাশেই বড় করে লেখা ছিল—‘রেফারিকে সম্মান করুন’। এই ম্যাচে ৩-১ গোলে হেরে যাওয়া ফরচুনা সিতার্দ তাদের ওয়েবসাইটের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটিকে ‘ব্যতিক্রমী একটি মুহূর্ত’ বলে উল্লেখ করলেও এ বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মেৎজ তাদের ওয়েবসাইটের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটির কোনো উল্লেখই করেনি।
প্রীতি ম্যাচে খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত পেলেন নারী রেফারি
ফ্রান্সে মেৎজ ও ফরচুনা সিতার্দের প্রীতি ম্যাচে খেলোয়াড়দের ধাক্কায় মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রেফারি মাথিলদে দেমোঁসে। পরে তিনি কনকাশনে আক্রান্ত হন এবং বিরতিতে মাঠ ছাড়েন।




