কুড়িগ্রামের চরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ মনোরম হলেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক অগ্রগতির দিক থেকে অঞ্চলটি দীর্ঘদিন পশ্চাৎপদ। নদীভাঙন, বন্যা এবং প্রবল দারিদ্র্যের জালে আটকে এখানকার অগণিত শিশু মানসম্মত শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত। এই বাস্তবতায় এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রথম আলো ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রথম আলো চর আলোর পাঠশালা’। প্রতিষ্ঠানটি চরের প্রান্তিক শিশুদের জন্য আধুনিক ও মানবিক শিক্ষার এক অভিনব উদ্যোগ হয়ে উঠেছে।
পাঠশালার মূল উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক তৈরির লক্ষ্যেই কাজ করছে। এখানে শিক্ষার পরিধি কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নেই, বাস্তব জীবনের জন্য আবশ্যক দক্ষতা অর্জনও সমান গুরুত্ব পায়। চরাঞ্চলের সিংহভাগ পরিবার কৃষি, মাছ ধরা অথবা দিনমজুরির ওপর নির্ভরশীল। অর্থনৈতিক কষ্টের কারণে বিপুল সংখ্যক শিশু বিদ্যালয়ে নিয়মিত যাওয়া তো দূরের কথা, বরং অল্প বয়সেই শ্রমিক হিসেবে কাজে যোগ দিতে বাধ্য হয়। এসব ঝরেপড়া ও সুবিধাবঞ্ছিত শিশুদের মূল শিক্ষা ধারায় পুনরায় অন্তর্ভুক্ত করতে ‘প্রথম আলো চর আলোর পাঠশালা’ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষকমণ্ডলী ও স্থানীয় সমাজের সহায়তায় শিশুদের অভিভাবকদেরও শিক্ষার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এই পাঠশালার শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। আনন্দদায়ক পাঠদান, গল্প, কবিতা, বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল রচনা, চিত্রাঙ্কন, সংস্কৃতিচর্চা, খেলাধুলা এবং তথ্যপ্রযুক্তির প্রাথমিক ধারণা—সবই পাঠ্যক্রমের অংশ। এর ফলে শিক্ষার্থীরা মুখস্তনির্ভর শিক্ষার গৎ থেকে বেরিয়ে এসে যুক্তিবাদী, সৃজনশীল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে বড় হচ্ছে।
শিশুদের চারিত্রিক বিকাশ ও সামাজিক মূল্যবোধ গঠনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সততা, শৃঙ্খলা, পারস্পরিক সহমর্মিতা, পরিচ্ছন্নতা, দেশপ্রেম, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়গুলো নিত্যদিনের শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, একজন সৎ ও ভালো মানুষ হিসেবে প্রস্তুত হওয়ার পাঠই এখানে নেওয়া হয়। চরাঞ্চলের ভৌগোলিক প্রতিকূলতা শিক্ষার পথে বড় অন্তরায়। বর্ষাকালে রাস্তা ডুবে যাওয়া, ছোট খাল বা ডোবা পাড়ি দেওয়ার মতো নানা প্রতিবন্ধকতা ও নিরাপদ যাতায়াতের অভাব প্রকট। স্থানীয় উদ্যোগে নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং বিদ্যালয় পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখা হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণের মতো কার্যক্রমও পরিচালিত হয়।
মেয়ে শিশুদের শিক্ষার প্রতি প্রথম আলো চর আলোর পাঠশালার বিশেষ দৃষ্টি রয়েছে। অভিভাবকদের সচেতন করা, বাল্যবিবাহ প্রতিরোধে অনুপ্রাণিত করা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে কিশোরীদের শিক্ষাজীবন সচল রাখতে উৎসাহ দেওয়া হয়, কেননা একটি শিক্ষিত মেয়েই একটি শিক্ষিত পরিবার ও সমাজের ভিত্তি স্থাপন করে। এই সম্মিলিত উদ্যোগের ফলস্বরূপ অনেক শিশুর জীবনেই দৃশ্যত ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। যেসব শিক্ষার্থী এককালে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ছিল, তারা এখন নিয়মিত পড়ালেখা করছে, বই পড়ার অভ্যাস গড়ে তুলছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন বুনতে শিখেছে। শিক্ষকদের নিষ্ঠা ও স্থানীয় মানুষের সহযোগিতায় এই পাঠশালা চরাঞ্চলের জন্য শিক্ষার এক দীপ্ত আশা আলোয় পরিণত হয়েছে।


