রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ কাওয়ালি সন্ধ্যা। ক্লাবের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কাওয়াল ও সুফি সংগীতশিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সাতটায় ক্লাব প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে বাংলা, হিন্দি ও উর্দু ভাষার নানা কাওয়ালি পরিবেশন করা হয়। শিল্পীরা ‘আলী আলী মওলা আলী’, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশকে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’ ও ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’-সহ বহুল জনপ্রিয় কাওয়ালিগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ক্লাবের বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন; সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এছাড়াও ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনিসহ অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা এই সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত ছিলেন।

সুফিবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাওয়ালির মাধ্যমে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানটি শেষ হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।