ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এটি একটি বোমা হতে পারে। এরই মধ্যে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানিয়েছেন, আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় প্রেশার কুকারটি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত দেড়টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি মসজিদের মাঠে প্লাস্টিকের ড্রামটি দেখতে পান। পরে তাঁরা ড্রামটি খুলে ভেতর থেকে প্রেশার কুকারটি বের করে মাঠেই রেখে দেন এবং পুলিশকে বিষয়টি জানান। স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে তিনজন অজ্ঞাতপরিচিত ব্যক্তি ড্রামটি মাঠে রেখে চলে যান। তবে তাঁদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
প্রেশার কুকারটিকে বোমা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে উল্লেখ করে এসআই ইমরান হোসেন বলেন, বর্তমানে পুরো মাঠটি নিরাপদ দূরত্ব থেকে ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে সাভারের একটি বাড়িতে পুলিশের অভিযান চালিয়ে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই নতুন ঘটনাটি নজরে এনেছে পুলিশ।




