চলতি বছরের জুলাই মাসে সারাদেশে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মোট ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। শুধু পণ্যই নয়, মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে ১৯১ জনকেও আটক করেছে বাহিনীটি।
জব্দকৃত পণ্যের তালিকা দীর্ঘ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হীরার নাকফুল এবং ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা। বস্ত্র খাতে ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক এবং ২ হাজার ৪১৬ মিটার কাপড় জব্দ করা হয়েছে। এছাড়াও ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গয়না এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিপুল পরিমাণ আতশবাজি (৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি), কাঠ (১ হাজার ৭৫১ ঘনফুট), কয়লা (২ লাখ ২১ হাজার ৯০ কেজি), জিরা (৪৭ হাজার ৭৭৬ কেজি), রসুন (৪২ হাজার ৯৩১ কেজি), চিনি (১৩ হাজার ৩২৯ কেজি), চা পাতা (৬ হাজার ৪৪৬ কেজি) এবং সার (১২ হাজার ৪৮৬ কেজি) জব্দ তালিকায় রয়েছে। প্রযুক্তিপণ্যের মধ্যে ৬২৪টি মুঠোফোন, ৪ হাজার ৩৬০টি ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০ পিস মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস ব্লেড এবং ৩ হাজার ৭০০টি চশমা রয়েছে।
জব্দ করা অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ এবং ৯টি কষ্টিপাথর। এছাড়া পরিবহন ও যানবাহন হিসাবে ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা আটক করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় ৯টি দেশি-বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ এবং ৭টি অন্যান্য অস্ত্র উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে বিজিবি।
মাদকদ্রব্য উদ্ধারের তথ্য তুলে ধরে বলা হয়েছে, জুলাই জুড়ে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ৩১ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয় এবং ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, তাদের সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




