২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছে। ৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার বাংলা দ্বিতীয় পত্রের মূল্যায়ন পদ্ধতি জানিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

বুধবার (৮ জুলাই) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের প্রশ্নভিত্তিক নমুনা উত্তর ও নম্বর প্রদান নির্দেশিকা (রুব্রিকস) প্রকাশ করা হয়। এতে প্রতিটি প্রশ্নের জন্য কী ধরনের উত্তর দিলে পূর্ণ নম্বর পাওয়া যাবে, আংশিক নম্বরের ক্ষেত্রে কী বিবেচনা করা হবে এবং ভুল বা অপ্রাসঙ্গিক উত্তরের জন্য কীভাবে নম্বর নির্ধারণ করা হবে—তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। নির্দেশিকাটিতে মূল্যায়নের অভিন্নতা নিশ্চিত করতে সব পরীক্ষকের জন্য একই পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বাংলা প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্যও একই ধরনের নমুনা উত্তর ও রুব্রিকস প্রকাশ করেছিল শিক্ষা বোর্ড। এই নির্দেশিকায় প্রশ্নভিত্তিক নম্বর বণ্টনের পাশাপাশি গ্রহণযোগ্য উত্তর ও মূল্যায়নের মানদণ্ডও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলে পরীক্ষকরা নির্ধারিত রুব্রিকস অনুসরণ করে সহজেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন।