সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডে জড়ো হন ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেডের শ্রমিকরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বাইপাইল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আরেকটি মিছিল বগাবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত মার্চের ঈদুল ফিতরের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা পূরণ হয়নি। পরে একাধিকবার ছুটি বাড়ানো হয় এবং এপ্রিল মাসে কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়। শিল্পাঞ্চল পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের মধ্যস্থতায় শ্রমিকদের বোনাস ও এক মাসের বেতনের ২৫ শতাংশ পরিশোধ করা হয়। তবে বেতনের বাকি অংশ, সার্ভিস বেনিফিট এবং অন্যান্য পাওনা এখনো মেলেনি।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম জানান, কারখানা বন্ধের পর পাওনা পরিশোধে কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা চুক্তি হয়েছে। তবুও বেশিরভাগ শ্রমিকের পাওনা মেটেনি। দুই কারখানায় দুই হাজারের বেশি শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে মাত্র ১২০ জনকে পাওনা দেওয়া হয়েছে; বাকিদের টাকা দেওয়া বন্ধ রয়েছে। অনেকে পাঁচ থেকে ছয় মাসের বেতনসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত।

এছাড়া স্টাফদের কারও পাঁচ মাস, কারও ছয় মাসের বেতনসহ অন্যান্য সুবিধাও বকেয়া পড়ে আছে। সংগঠনটির নেতারা বলছেন, দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করা হবে।