বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর নানা কুসংস্কার। তবে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার ক্ষেত্রে বিষয়টি কিছুটা আলাদা মাত্রা পেয়েছে। তাঁর অভিজ্ঞতা বলছে, তিনি যে দলকেই সমর্থন করেন, সেটি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় টয়া জানান, এবারের বিশ্বকাপে তিনি প্রথমে জার্মানির সমর্থক হিসেবে মাঠে নামেন। জার্মানি তার প্রিয় দল, কিন্তু রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়। এরপর তিনি ব্রাজিলকে সমর্থন করেন, তারাও ছিটকে যায়। জাপানের খেলাও তিনি দেখতে চেয়েছিলেন, কিন্তু সেটিও টিকতে পারেনি। টয়া মনে করেন, এগুলো নিছক কাকতালীয় না তাঁর সমর্থনের মধ্যে কোনো অদ্ভুত শক্তি কাজ করছে, তা বুঝতে তিনি একটি পরীক্ষা শুরু করেছেন। টয়া বলেন, ‘আমি ঠিক করেছি, এই নিরীক্ষা সিরিয়াসলি করব। এখন আর্জেন্টিনাকে সমর্থন করব। যদি আর্জেন্টিনাও হেরে যায় বা ফাইনালে উঠতে না পারে, তাহলে মেনে নেব যে সমস্যাটা আমারই। নিজেকে “কুফা ভক্ত” বলেই স্বীকার করব।’ তাঁর মতে, এরকম হলে তিনি ফুটবল দেখা চিরতরে ছেড়ে দেবেন। তিনি আরও বলেন, ‘একজন ফুটবলপ্রেমী হিসেবে এটি খুব হতাশার, কারণ আমি ফুটবল খুব ভালোবাসি। কিন্তু বারবার আমার সমর্থিত দলগুলো বাদ পড়ছে। চারপাশের লোকজনও আমাকে “কুফা ভক্ত” বলতে শুরু করেছে। তাই আমি বিষয়টিকে একটি পরীক্ষা হিসেবেই নিচ্ছি। তবে সবাইকে অনুরোধ করব, এখনই আমাকে খুব বেশি বকাবকি না করা আর কুফা বলাও বন্ধ রাখতে। আগে ফলাফল দেখা যাক!’ ভিডিওর শেষাংশে টয়া তাঁর মতো অভিজ্ঞতা সম্পন্ন অন্যদেরও খুঁজতে চান। তিনি বলেন, ‘আমার মতো যদি কেউ থাকে, যে দলকে সমর্থন করলেই সেই দল বাদ পড়ে যায়, তাহলে মন্তব্যে জানাও। আমাদের একে অপরের প্রয়োজন। তাহলে অন্তত বুঝতে পারব, আমি একা নাকি এমন “কুফা ভক্তদের” একটি পুরো দলই আছে।’ টয়া স্বীকার করেন, ব্যাপারটি মজার হলেও কিছুটা কষ্টের, কারণ নিজের পছন্দের দলগুলোর বিদায় দেখা কখনোই সুখকর নয়। তিনি সবাইকে এই নিরীক্ষায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এখন দেখার বিষয়, আর্জেন্টিনার পারফরম্যান্স টয়ার ‘অভিশাপ’ প্রমাণ করে নাকি সবই নিছক কাকতালীয় বলে প্রমাণিত হয়।
সমর্থন করলেই দল বাদ: ‘কুফা ভক্ত’ টয়ার বিশ্বকাপ নিরীক্ষা
মডেল-অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বিশ্বকাপে তাঁর সমর্থিত দলগুলোর ধারাবাহিক বিদায়ে উদ্বিগ্ন। জার্মানি, ব্রাজিল, জাপানের পর আর্জেন্টিনাকে সমর্থন করে দেখবেন তিনি সত্যিই ‘কুফা ভক্ত’ কিনা। অনুরূপ অভিজ্ঞতা সম্পন্ন ভক্তদেরও একসঙ্গে নিরীক্ষায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

