বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিং কার্যক্রমে ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, পদটিতে ফুলটাইম নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যারা সদ্য স্নাতক হয়েছেন বা ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। তবে যাদের কাস্টমার সার্ভিস, হসপিটালিটি, ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে ছয় মাস বা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা অগ্রাধিকার পাবেন।

পদটিতে আবেদনের জন্য ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা অপরিহার্য। এছাড়া কম্পিউটার ও এমএস অফিসে কাজ করার জ্ঞান থাকতে হবে। ভালো যোগাযোগদক্ষতা এবং কাস্টমার সার্ভিসে পারদর্শিতা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক সাকল্যে বেতন নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার টাকা। বেতনের পাশাপাশি উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, চিকিৎসাভাতা এবং ছুটিসহ নানা ধরনের সুবিধা দেওয়া হবে। কর্মজীবনের ১৮ মাস পূর্তিতে কর্মদক্ষতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী হওয়ার সুযোগ করে দেওয়া হবে।

কর্মক্ষেত্রে প্রধান দায়িত্বের মধ্যে থাকবে শাখায় আগত গ্রাহকদের স্বাগত জানানো এবং প্রয়োজনীয় সেবা সম্পর্কে তাদেরকে তথ্য দেওয়া। গ্রাহকদের জন্য লাইনে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং সঠিক কাউন্টারে পৌঁছে দেওয়ার কাজটিও করতে হবে। ব্যাংকের বিভিন্ন সেবা, মোবাইল অ্যাপ ও এটিএম ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা এবং ফরম পূরণ বা অ্যাকাউন্ট খোলার কাজে সহায়তা করা এই পদের অন্যতম দায়িত্ব।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬।