পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে এখন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না; দিনও পার হয়ে যেতে পারে আকাশেই। মাত্র এক দশক আগেও ১৭ ঘণ্টার বেশি সময় ধরে উড়ত এমন যাত্রীবাহী বিমানের সংখ্যা ছিল নগণ্য। এখন সেই চিত্র বদলে গেছে—বিরতিহীনভাবে বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে যাচ্ছে যাত্রীবাহী বিমান। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস তাদের দীর্ঘতম ফ্লাইটের নতুন রেকর্ড স্থাপন করেছে। ২৩ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে শুরু হওয়া ওই মহাকাব্যিক যাত্রা শেষ হয় ২৪ জুলাই ফ্রান্সের তুলুজে। ফ্রান্সের এই শহরেই এয়ারবাসের প্রধান কার্যালয় অবস্থিত। বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির নতুন মডেল A350-1000ULR-এর পরীক্ষামূলক ওই ফ্লাইটে সময় লেগেছে ২৪ ঘণ্টা ২৪ মিনিট। আগামী বছর থেকে কান্টাসের 'প্রজেক্ট সানরাইজ' কর্মসূচির আওতায় সিডনি-লন্ডন ও সিডনি-নিউইয়র্ক সরাসরি রুট চালুর পরিকল্পনা রয়েছে, যার জন্যই এই বিমানটি বিশেষভাবে তৈরি করা হচ্ছে। এর আগে দীর্ঘতম ফ্লাইটের রেকর্ডটি ছিল হংকং-লন্ডন রুটের, যেখানে বোয়িং 777-200LR ওয়ার্ল্ডলাইনারে করে সময় লেগেছিল ২২ ঘণ্টা ৪২ মিনিট। উন্নত টুইন-ইঞ্জিন বিমান ও বর্ধিত জ্বালানি ধারণক্ষমতার কারণে গত এক দশকে এ ধরনের আলট্রা-লং-হোল ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ২০ ঘণ্টার কাছাকাছি সময়ের একাধিক ফ্লাইট চালু রয়েছে। ১৫ থেকে ১৭ ঘণ্টার ফ্লাইটের তালিকাটিও বেশ দীর্ঘ। শুধু চলতি বছরেই আটলান্টা-রিয়াদ, সিডনি-লাস ভেগাস, জর্ডান-ডালাস এবং মিসর-শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে নতুন লং-হোল রুট যুক্ত হয়েছে। তবে এসব রুটকে বর্তমান দীর্ঘতম ফ্লাইটগুলোর তুলনায় ছোট মনে হবে। ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে এ ধরনের ফ্লাইট সবচেয়ে বেশি পরিচালিত হয়। বিশ্বের দীর্ঘতম কয়েকটি ফ্লাইট রুটের বিবরণ তুলে ধরা হলো:
প্রজেক্ট সানরাইজ: ২৪ ঘণ্টা ২৪ মিনিট জুলাইয়ের রেকর্ড গড়া ওই ফ্লাইটে মূলত পাইলট ও টেস্ট ইঞ্জিনিয়াররা ছিলেন। তবে আগামী বছরের মধ্যে ২৩৮ যাত্রী নিয়ে এই রুটে উড়ার আশা করছে কান্টাস। বিমানটিতে ফার্স্ট ক্লাসে ৬টি, বিজনেস ক্লাসে ৫২টি, প্রিমিয়াম ইকোনমিতে ৪০টি এবং ইকোনমি ক্লাসে ১৪০টি আসন থাকবে। যাত্রীদের জন্য একটি ওয়েলবিয়িং জোন রাখা হবে, যেখানে হাঁটাচলা, সেলফ সার্ভিস স্টেশন থেকে খাবার গ্রহণ এবং শরীর চর্চার সুযোগ থাকবে। এত দীর্ঘ যাত্রায় শরীরের প্রতি খেয়াল রাখার প্রয়োজনীয়তা থেকেই এমন ব্যবস্থা। এই যাত্রায় একাধিকবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ মিলবে। বিমানের পেছনে ৫ হাজার ৩০০ গ্যালনের বিশাল জ্বালানি ট্যাংক এই সম্ভব করেছে। জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে অত্যাধুনিক সেন্সর বসানো হয়েছে। সিঙ্গাপুর-নিউইয়র্ক: ১৮ ঘণ্টা ১০ মিনিট নিউইয়র্ক থেকে সিঙ্গাপুরের ৯ হাজার ৫৪২ মাইলের এই পথ পাড়ি দিতে প্রায় ১৯ ঘণ্টা সময় লাগে। জানালার পাশ থেকে আটলান্টিক মহাসাগর, ইউরোপের কিছু অংশ ও ভারত দেখা যায়। পূর্ব বা পশ্চিম—কোন দিক দিয়ে বিমানটি যাবে তা ওড়ার ঠিক আগে নির্ধারণ করা হয়। ২০২১ সালে সিঙ্গাপুর এয়ারলাইনসের এয়ারবাস A350-900 দিয়ে শুরু হওয়া এই রুট এখন প্রতিদিনই চলছে। সিঙ্গাপুর-নিউ জার্সি: ১৮ ঘণ্টা ৩০ মিনিট আগের গন্তব্য থেকে মাত্র এক ঘণ্টার ড্রাইভের দূরত্বে নেওয়ার্ক অবস্থিত। সিঙ্গাপুর এয়ারলাইনসের এয়ারবাস A350-900 এই রুটে সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট থেকে ১৮ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত। বাতাসের গতি ও চূড়ান্ত গন্তব্যের কারণে সময়ের এই তারতম্য ঘটে। অকল্যান্ড-নিউইয়র্ক: ১৭ ঘণ্টা ৩০ মিনিট ফ্যান্টাসি মুভি ও সিলিকন ভ্যালির ধনকুবেরদের কারণে নিউজিল্যান্ডে মার্কিন পর্যটকদের সংখ্যা বেড়েছে। ২০২২ সালে এয়ার নিউজিল্যান্ড সরাসরি ফ্লাইট চালু করে এই যাতায়াত সহজ করে। ৮ হাজার ৮৪২ মাইলের এই যাত্রায় নিউজিল্যান্ড যেতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ৩০ মিনিট, আর যুক্তরাষ্ট্রে ফিরতে ১৬ ঘণ্টার কিছু বেশি। রুটটি বেশ জনপ্রিয়। ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বরের মধ্যে এই রুটে ৫৩ হাজার ৫৭৩ যাত্রী যাতায়াত করেছেন। পার্থ-লন্ডন: ১৭ ঘণ্টা ১৫ মিনিট ৯ হাজার ১০ মাইলের এই রুট 'ক্যাঙ্গারু রুট' নামে পরিচিত। একসময় বারবার জ্বালানি নেওয়ার জন্য থামতে হতো। ২০১৮ সালে কান্টাস পার্থ-লন্ডন হিথরো সরাসরি ফ্লাইট চালু করে। ২৩৬ যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে লন্ডনে যেতে সময় লাগে ১৭ ঘণ্টার কিছু বেশি। ফেরার পথে লাগে ১৭ ঘণ্টার কিছুটা কম। প্যারিস-পার্থ: ১৭ ঘণ্টা ২০ মিনিট ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের ঠিক আগে কান্টাস এই ৮ হাজার ৮৭৮ মাইলের রুট চালু করে। বোয়িং ৭৮৭-৯-এ প্যারিস পৌঁছাতে সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট। ফেরার পথে সময় লাগে সামান্য কম। দোহা-অকল্যান্ড: ১৭ ঘণ্টা ১৫ মিনিট ২০১৮ সালে কাতার এয়ারওয়েজ এই রুট চালু করলে সেটি ছিল বিশ্বের দীর্ঘতম ফ্লাইট। এখন এটি শীর্ষ পাঁচেও নেই। শুরুতে বোয়িং 777 ব্যবহার করা হলেও এখন এয়ারবাস A350-1000 ব্যবহৃত হচ্ছে। কোভিডের সময় বন্ধ থাকলেও ২০২৪ সালে আবার চালু হয়েছে। দুবাই-অকল্যান্ড: ১৭ ঘণ্টা ১০ মিনিট উপসাগরীয় দেশগুলোর মধ্যে এমিরেটসই প্রথম আলট্রা-লং-হোল ফ্লাইটের ধারণা নিয়ে আসে। ২০১৬ সালে চালু হওয়া এই রুটটি ছিল বিশ্বের দীর্ঘতম। ৮ হাজার ৮৩৪ মাইলের এই যাত্রায় এয়ারবাস A380-800 ব্যবহার করা হয়। আরব সাগর, ভারতের দক্ষিণ প্রান্ত ও ভারত মহাসাগর পেরিয়ে অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ডে পৌঁছায় বিমানটি। টেক্সাস-সিডনি: ১৭ ঘণ্টা ২০১১ সালের আগে টেক্সাস থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি যাওয়ার কোনো উপায় ছিল না। কান্টাস এয়ারবাস A380 দিয়ে ৮ হাজার ৫৭৮ মাইলের এই রুট চালু করে। সিডনি যেতে ১৭ ঘণ্টা লাগলেও ফেরার পথে সময় লাগে ১৫ ঘণ্টা ১৫ মিনিট। শেনজেন-মেক্সিকো সিটি: ১৬ ঘণ্টা তালিকার শেষ ফ্লাইটটি চীন ও লাতিন আমেরিকার মধ্যে একমাত্র সরাসরি রুট। ২০২৪ সালে চায়না সাউদার্ন ৮ হাজার ৭৮৯ মাইলের এই রুট চালু করে। ১৬ ঘণ্টার ফ্লাইটটি শুধু চীন থেকে মেক্সিকো যাওয়ার সময় বিরতিহীন। ফেরার সময় জ্বালানি নিতে টিজুয়ানায় থামলেও যাত্রীদের নামতে হয় না। লাতিন আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই এই রুট চালু করেছে চীন।একনাগাড়ে ২৪ ঘণ্টা আকাশে: বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের তালিকায় যুক্ত হলো নতুন রেকর্ড
বিমান ভ্রমণে নতুন যুগের সূচনা। কান্টাসের ২৪ ঘণ্টা ২৪ মিনিটের পরীক্ষামূলক ফ্লাইট বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইটের রেকর্ড গড়েছে। সিঙ্গাপুর-নিউইয়র্ক, অকল্যান্ড-দোহাসহ বর্তমান বিশ্বের দীর্ঘ দশটি ফ্লাইট রুটের তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।




