পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ও সার্বজনীন সম্পর্কগুলোর অন্যতম হলো বন্ধুত্ব। সুর, তাল কিংবা মনের লয়—কিছু একটা মিলে গেলেই এ সম্পর্ক গড়ে ওঠে আপনাআপনি। চলচ্চিত্র জগতের তারকারাও এর ব্যতিক্রম নন। ক্যারিয়ারের প্রতিযোগিতা, মনোমালিন্য কিংবা দ্বন্দ্ব—সবকিছু ছাড়িয়ে কিছু তারকা জুটির বন্ধুত্ব পরিণত হয়েছে দৃষ্টান্তের মতো। এমনই কয়েকটি বিশেষ বন্ধুত্বের কথা জানা যাক।
সাম্প্রতিক সময়ের দুই অভিনেত্রী সারা আলী খান ও জাহ্নবী কাপুরকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। ছবিতে সহশিল্পী হিসেবে কাজ থেকে শুরু করে পাহাড়ে অবকাশ যাপন—সবখানেই তাঁদের উপস্থিতি নজর কাড়ে। অনেকে ভেবেছিলেন, বলিউডে যাত্রা শুরুর পর অচিরেই তাঁদের পথ আলাদা হয়ে যাবে। কিন্তু এক সাক্ষাৎকারে সারা জানান, জাহ্নবীর সঙ্গে তাঁর পরিচয় অনেক বছরের। একসঙ্গে ভ্রমণ, সোশ্যাল মিডিয়ায় যৌথ ছবি পোস্ট করা, একই সাথে ওয়ার্কআউট সেশন এবং জন্মদিন উদ্যাপনের মাধ্যমে তাঁদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।
অন্যদিকে, বলিউডের আরেক পরিচিত বন্ধু জুটি হলেন দিশা পাটানি ও মৌনি রায়। ফ্যাশন, শারীরিক কসরত ও ভ্রমণের প্রতি ভালোবাসা তাঁদের আরও ঘনিষ্ঠ করেছে। অবসর সময়ে একত্রে ভ্রমণ, বিভিন্ন আয়োজনে যাওয়া বা সামাজিক মাধ্যমেয পরস্পরকে উৎসাহিত করা—এসবের মাধ্যমে ভক্তদের মনে বিশেষ ছাপ ফেলেছেন তাঁরা। জিমে যৌথ অনুশীলন থেকে সমুদ্রসৈকতে ছুটি কাটানো—প্রায় সর্বত্রই এই জুটির দেখা মেলে।
বলিউডে ছেলেবেলা থেকে গড়ে ওঠা বন্ধুত্বের দৃষ্টান্তও কম নয়। এ তালিকার শীর্ষে আছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান, চাংকি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে এবং সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর। এই ত্রয়ী প্রায়ই ইনস্টাগ্রামে শৈশবের স্মৃতি ভাগ করেন এবং পরস্পরকে 'সোলমেট' আখ্যা দিয়ে সবচেয়ে বড় সমর্থক হিসেবে পাশে থাকেন।
আলিয়া ভাট ও আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের বন্ধুত্বের শুরু হয়েছিল স্কুল জীবনে, তারকাখ্যাতির আগে। সেই সম্পর্ক সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে। ব্যস্ততম ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা ঘাতপ্রতিঘাতের মধ্যেও তাঁদের বন্ধুত্বে ছেদ পড়েনি। প্রায়শই ছুটি কাটাতে, জন্মদিন উদযাপনে বা জীবনের বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে দেখা যায়। একে অপরের সাফল্যেরও প্রশংসায় ভাসান এ দুজন। আলিয়া একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, আকাঙ্ক্ষা তাঁর সবচেয়ে কাছের বন্ধুদের একজন।
শাহরুখ খান ও জুহি চাওলার বন্ধুত্ব বহু যুগের। অনেকেই কাজলের সাথে শাহরুখের বন্ধুত্ব সম্পর্কে পরিচিত হলেও, জুহির সঙ্গে তার অটুট সম্পর্কের কথা বলিউড মহলে সর্বজ্ঞাত। কিছু সময়ে ব্যবসায়িক সম্পর্কের জেরে দূরত্ব এলেও, পরে সেটি আরও জোরালো হয়। একবার জুহি জানান, ব্যবসার অংশীদারত্ব শেষ করায় পরে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হয়েছে। জুহির মায়ের মৃত্যুকালে শাহরুখই ছিলেন তার সবচেয়ে বড় ভরসা। এই জুটির বহু চলচ্চিত্রে একসাথে অভিনয় করেছেন।
অভিনেতা রণবীর কাপুর ও পরিচালক অয়ন মুখার্জির 'ব্রোম্যান্স' বলিউডে এতটাই আলোচিত যে, প্রয়াত ঋষি কাপুর একবার মজা করে রণবীরকে অয়নকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন। 'ওয়েক আপ সিড' চলচ্চিত্র দিয়ে যে বন্ধুত্বের সূচনা, তা রণবীরের ব্যক্তিগত জীবনের পরামর্শকের ভূমিকাতেও অয়নের উপস্থিতি নিশ্চিত করেছে।
এছাড়াও ২০১৪ সালের 'গুন্ডে' সিনেমার মাধ্যমে গড়ে ওঠা রণবীর সিং ও অর্জুন কাপুরের প্রাণখোলা বন্ধুত্ব, সুপারস্টার পত্নী গৌরী খান ও হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের মধ্যকার পারিবারিক বন্ধন, এবং স্কুলজীবন থেকে বলিউড ক্যারিয়ার পর্যন্ত দিয়া মির্জা ও অদিতি রাও হায়দারির বজায় রেখেছেন এ সংহতি। এই সকল জুটি প্রমাণ করে, তারকা জীবনের জাঁকজমকতা এবং প্রতিযোগিতার ভিড়েও প্রকৃত বন্ধুত্ব বেঁচে থাকা সম্ভব।



