গ্রাহকদের জন্য আধুনিক নকশা এবং উন্নত মানের সমন্বয়ে আরএফএল বাজারে নিয়ে এসেছে নতুন পণ্য ‘প্রটেক্টর এলিগেন্স ডোর’। মঙ্গলবার রাজধানীর প্রাণ সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল আনুষ্ঠানিকভাবে এই দরজার উদ্বোধন করেন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আরএফএল জানিয়েছে, এই দরজাটি মোট ১২টি ভিন্ন ভিন্ন রঙের বৈচিত্র্যে পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ পিভিসি ফিল্ম, যা পানি থেকে দরজাকে সুরক্ষিত রাখে এবং এর ফলে আলাদা করে পলিশ করার প্রয়োজন হয় না। এছাড়া শব্দ নিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য এতে যুক্ত করা হয়েছে গ্যাসকেট সিলিং সিস্টেম। স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করতে দরজার কোর তৈরিতে উডেক্স এবং এডিএফ বোর্ড ব্যবহার করা হয়েছে। পণ্যের সাথে ফ্রেম, ডোর লিফ, লক এবং প্রয়োজনীয় সব অনুষঙ্গ দেওয়া হচ্ছে।
গ্রাহকদের জন্য এই পণ্যের একটি বড় সুবিধা হলো পেশাদার ফিটিং সেবা। আরএফএল নিজেই এই সেবা প্রদান করায় গ্রাহকদের আলাদা করে কোনো কাঠমিস্ত্রি বা কারিগরের পেছনে ছুটতে হবে না। উদ্বোধন অনুষ্ঠানে আর এন পাল উল্লেখ করেন যে, প্রটেক্টর এলিগেন্স ডোরের মাধ্যমে গ্রাহকরা একইসাথে স্থায়িত্ব, আধুনিক ডিজাইন এবং স্থাপনের সহজ সুবিধা পাবেন। তিনি আরও জানান, বাণিজ্যিক ও আবাসিক ভবনের আধুনিক দরজার চাহিদা মেটাতে এই পণ্যটি কার্যকর ভূমিকা রাখবে। এই দরজার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, দেয়ালে রঙ করা বা টাইলস বসানোর আগেই এটি স্থাপন করা সম্ভব।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের ট্যাংক ও ডোর ব্যবসার নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা মেহেদী হাসান, আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম এবং প্রটেক্টরের ব্র্যান্ড ম্যানেজার সাফিন মাহমুদ।




