দেশের বর্তমান পরিস্থিতিতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, পেট্রলবোমা নিক্ষেপ এবং সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলটি এই ক্ষোভ ব্যক্ত করে। এনসিপির দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসবাদী কার্যক্রমের ফলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত এই দলটি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ রুখতে বর্তমান বিএনপি সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। এনসিপির অভিযোগ, ভারতে আশ্রয় নেওয়া এবং ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতারা অনলাইনে নির্দেশ দিয়ে দেশের অভ্যন্তরে এই হত্যাযজ্ঞ ও নৈরাজ্য সৃষ্টি করছেন।

বিশেষ করে, দেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ওপর চালানো সিরিজ হামলার কথা উল্লেখ করে এনসিপি জানায়, প্রতিষ্ঠানটির প্রায় ৩৭টি শাখায় হামলা চালানো হয়েছে। দলটির মতে, এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে খাটো করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র পরিবারগুলো। একই সঙ্গে, এই অস্থিতিশীল পরিবেশের কারণে বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং দাতা সংস্থাগুলোর কাছে এই বার্তা যাচ্ছে যে, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখন অনুকূল নয়।

এছাড়া, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দল—উভয় পক্ষের অন্তত দুজন সদস্যের বাসভবনে অগ্নিসন্ত্রাস চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এনসিপি মনে করে, এই হামলাগুলো সরাসরি জাতীয় সংসদ এবং বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বের প্রতি অবমাননাকর।

চলমান নাশকতা ও অগ্নিসন্ত্রাস কঠোর হস্তে দমন করে দ্রুত জননিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তারা জোর দিয়ে বলেছে, বিদেশের মাটিতে বসে যারা এই সন্ত্রাসের পরিকল্পনা ও পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, মাঠ পর্যায়ে সক্রিয় আওয়ামী নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দলটি।