অনলাইন জুয়ার কারবারে নিজের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন এবং সেই অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে আরাফাত হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার যশোর থেকে তাকে আটক করা হয়, যা আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সিআইডি।

তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী, আরাফাত হোসেনের ব্যক্তিগত নামে খোলা ছয়টি ব্যাংকের আটটি হিসাব এই অবৈধ জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ছিল। এমনকি নিজের নামে থাকা একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং বোনের বিকাশ অ্যাকাউন্টটিও তিনি জুয়ার টাকা জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করতেন। বেকার হওয়া সত্ত্বেও তার ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। এই প্রক্রিয়ায় তিনি নির্দিষ্ট পরিমাণ কমিশন রাখতেন এবং বাকি অর্থ অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর করতেন। পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই অর্থকে ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে সিআইডি জানিয়েছে।

ঘটনাটির সূত্রপাত হয় সিআইডির নিয়মিত সাইবার মনিটরিংয়ের মাধ্যমে। তারা লক্ষ্য করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল এবং অনলাইন ক্যাসিনো কেন্দ্রিক বেটিং সাইটের ব্যাপক প্রচারণা চলছে। এসব ওয়েবসাইটের এজেন্টদের ব্যবহৃত ব্যাংক হিসাব এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) তথ্য বিশ্লেষণ করে গত ১৭ মে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্তরা দেশের বিভিন্ন প্রান্তে এজেন্ট নিয়োগ করে তাদের ব্যাংক ও এমএফএস হিসাব সংগ্রহ করত এবং সেই হিসাবগুলো জুয়ার সাইটে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করত।

এই একই মামলায় সিআইডি ইতিপূর্বে দেশের বিভিন্ন জেলা থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে টাঙ্গাইল থেকে সোলায়মান, সাগর মিয়া, জুয়েল রানা, বাবলু মিয়া, মনির হোসেন, নূর সাফায়েত ইপ্তি ও শামীম আল মামুনকে আটক করা হয়। এছাড়া নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে রায়হান খান, পাভেল রহমান ভূঁইয়া ও আবু জোবায়ের সানি, নড়াইল থেকে জসিম উদ্দীন ও সুমন রায় এবং রাজশাহী ও ঝিনাইদহ থেকে সৈয়দ জামান ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে।