বলিউডের প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার পুত্র অভিষেক বচ্চন সরাসরি প্রাণনাশের হুমকি পেয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা বা বুলেটপ্রুফ কাচের আড়াল কোনো কাজে আসবে না এবং তাদের ওপর গুলি চালানো হবেই বলে হুমকি দেওয়া হয়েছে। গত মাসে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’তে তিনটি পৃথক ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যার পর এবার এই নতুন হুমকির বার্তা সামনে এল।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর দাবি করেছেন যে, মুম্বাইয়ে তার অন্তত ২০০ জন সহযোগী এই বাবা-ছেলেকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছেন। এই হুমকির পেছনে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে আনা হয়েছে। পোস্টে সতর্ক করা হয়েছে যে, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাদের জবাবদিহি করতে হবে এবং তাদের ক্ষমা করা হবে না। গোল্ডি ধিলোঁর আরও জানান, সম্প্রতি দিল্লি পুলিশের হাতে তার দুই সহযোগী বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হলেও তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি।
অন্যদিকে, নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখ্স ফর জাস্টিস’ (এসএফজে)-এর প্রধান গুরপতবন্ত সিং পন্নুন অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র সামনে একটি জমায়েতের ডাক দিয়েছেন। বুধবার থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। তিনি ঘোষণা করেছেন, যদি ওই বাসভবনের সামনে ‘খলিস্তান জলসা’-র আয়োজন করা যায়, তবে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
এদিকে, অমিতাভ বচ্চন প্রতি রোববার তার বাসভবনের বাইরে ভক্তদের সাথে দেখা করেন। এই দীর্ঘদিনের রীতির কারণে তিনি এখন কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। চলতি মাসের শুরু থেকে তাকে তিন দিকে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের ভেতরে দাঁড়িয়ে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে। ভারতীয় কিছু সংবাদমাধ্যমের মতে, অতীতে অমিতাভের করা কিছু কথিত মন্তব্যের কারণে তাকে লক্ষ্য করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ গত শনিবার ‘জলসা’র সামনে থেকে বিকাশ ঠাকুর ও দীপক সিং নামের দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। পুলিশের উপকমিশনার নারা চৈতন্য জানান, বিকাশ ঠাকুর মুম্বাই থেকে দিল্লিতে এক ব্যবসায়ীকে গুলি করার উদ্দেশ্যে গিয়েছিলেন, যার নির্দেশ এসেছিল বিদেশের কোনো গ্যাংস্টারের কাছ থেকে। তদন্তে জানা গেছে, দীপক সিংকে নির্দেশ দেওয়া হয়েছিল মুম্বাইয়ে অবস্থান করে একজন বলিউড অভিনেতার বাড়ির সামনে গুলি চালাতে, যাকে পুলিশ অমিতাভ বচ্চন হিসেবে শনাক্ত করেছে। তবে এই পুরো হুমকির বিষয়ে অমিতাভ বা অভিষেক বচ্চনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




