সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের তারকা পেসার ফাজালহাক ফারুকি। দুবাইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক নিলামে তাকে ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে কিনে নিয়েছে এমআই এমিরেটস, যা এই টুর্নামেন্টের ইতিহাসে একজন ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচার ২ লাখ ৬০ হাজার ডলারের রেকর্ড ধরে রেখেছিলেন, যা এবার ফারুকি ভেঙে দিলেন।
ফারুকি ছাড়াও আরও তিনজন ক্রিকেটার আগের রেকর্ড অতিক্রম করেছেন। সবচেয়ে বেশি দামি হিসেবে লিয়াম লিভিংস্টোন সাড়ে ৩ লাখ ডলারে গালফ জায়ান্টসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। একই দল ৩ লাখ ১০ হাজার ডলারে নিয়েছে ফারুকির সতীর্থ রাহমানউল্লাহ গুরবাজকে। এছাড়া ৩ লাখ ডলারে দুবাই ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন ফাফ দু প্লেসি।
বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানই একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন। গত আসরে ৮ ম্যাচে ১৫ উইকেট নেওয়া এই অভিজ্ঞ পেসারকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। এবারের নিলামে মুস্তাফিজের ১০ জন সতীর্থ নাম লিখলেও তারা কোনো দল পাননি।
অন্যান্য তারকাদের মধ্যে প্রথমবারের মতো এই লিগে খেলবেন পাকিস্তানি তারকা বাবর আজম। ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে তাকে দলে নিয়েছে ডেজার্ট ভাইপার্স। একই মূল্যে শাদাব খান, ফাখার জামান এবং নাসিম শাহকেও তারা দলে যুক্ত করেছে। এছাড়া আলজারি জোসেফ ২ লাখ ৩০ হাজার ডলারে গালফ জায়ান্টসে, আর রিচার্ড গ্লিসন ১ লাখ ৮০ হাজার ডলারে শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। মোহাম্মাদ নাবি (১ লাখ ৪০ হাজার ডলার) এবং পল ওয়াল্টার (১ লাখ ১০ হাজার ডলার) শারজাহ ওয়ারিয়র্সের অংশ হলেন। এমআই এমিরেটসে ক্রিস জর্ডান ১ লাখ ৭০ হাজার এবং এএম গাজানফার দেড় লাখ ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন। আর ১ লাখ ডলারে দুবাই ক্যাপিটালসে খেলবেন দাসুন শানাকা।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিলেন মুহাম্মাদ ওয়াসিম, যাকে ২ লাখ ১০ হাজার ডলারে নিয়েছে এমআই এমিরেটস। এর ফলে তিনি আরব আমিরাতের ক্রিকেটারদের মধ্যে আইএল টি-টোয়েন্টির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়লেন। এছাড়া আবু ধাবি নাইট রাইডার্স ১ লাখ ১০ হাজার ডলারে আলিশান শারাফুকে এবং ৯৫ হাজার ডলারে মুহাম্মাদ রোহিদকে দলে নিয়েছে। একই মূল্যে দুবাই ক্যাপিটালসে খেলবেন আয়ান খান। সহযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের আমশি ডি সিলভাকে ১ লাখ ডলারে নিয়েছে আবু ধাবি নাইট রাইডার্স এবং হাসান খান ৯০ হাজার ডলারে দুবাই ক্যাপিটালসে যাচ্ছেন। স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমালেন ৮০ হাজার ডলারে শারজাহ ওয়ারিয়র্সে এবং নামিবিয়ার ডেভিড ভিসা ৭০ হাজার ডলারে গালফ জায়ান্টসে খেলবেন।




